জুম, বিবিসি-সিএনএনসহ ১৭৮ ওয়েবসাইটে ম্যালওয়্যার ছড়িয়েছে হ্যাকাররা

জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম, সংবাদমাধ্যম বিবিসি ও সিএনএনসহ বিশ্বের ১৭৮টি প্রতিষ্ঠানের ওয়েবসাইট সাইবার হামলার শিকার হয়েছে। হ্যাক হওয়া তৃতীয় পক্ষের একটি ওয়েব প্ল্যাটফর্মের মাধ্যমে এসব ওয়েবসাইটে ক্ষতিকর জাভাস্ক্রিপ্ট ছড়িয়ে দেওয়া হয়। এতে ওয়েবসাইটগুলোর ব্যবহারকারীরা ম্যালওয়্যারের ঝুঁকিতে পড়েছেন বলে জানিয়েছে সাইবার নিরাপত্তা সংস্থা রিপোর্ট ইউআরআই।
নিরাপত্তা বিশ্লেষকদের আশঙ্কা, এই হামলার মাধ্যমে ব্যবহারকারীদের ক্রিপ্টোকারেন্সি চুরি, ক্রেডিট ও ডেবিট কার্ডের তথ্য হাতিয়ে নেওয়া এবং আইফোনের নিরাপত্তাব্যবস্থা ভাঙার চেষ্টা হয়েছে। বাংলাদেশ সময় মঙ্গলবার (১৭ নভেম্বর) রিপোর্ট ইউআরআইয়ের এক বিবৃতিতে এ ঘটনা প্রকাশ্যে আসে।
যেভাবে ছড়ানো হয়েছে ম্যালওয়্যার
রিপোর্ট ইউআরআই জানায়, অপটিমাইজলি নামের একটি ওয়েব এক্সপেরিমেন্টেশন প্ল্যাটফর্মের মাধ্যমে এই সাইবার হামলা চালানো হয়েছে। আক্রান্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সেলসফোর্স, গিটল্যাব, ইক্যুইফ্যাক্স, এয়ার ফ্রান্স-কেএলএম, ক্রিপ্টোকারেন্সি হার্ডওয়্যার ওয়ালেট নির্মাতা লেজার এবং স্ট্রিমিং সেবা পিকক।
বিবৃতিতে বলা হয়েছে, ম্যালওয়্যারটি বিভিন্ন ধরনের ব্যক্তিগত ও আর্থিক তথ্য চুরির জন্য তৈরি করা হয়েছিল। এর মাধ্যমে ব্যবহারকারীদের পেমেন্ট কার্ডের তথ্য সংগ্রহ, ক্রিপ্টোকারেন্সি লেনদেনের সময় ওয়ালেটের ঠিকানা বদলে আক্রমণকারীদের নিয়ন্ত্রণাধীন ঠিকানা বসানো এবং ব্রাউজারের কুকি ও স্ক্রিনশট চুরি করা সম্ভব ছিল।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, ক্ষতিকর কোডটি অ্যাপলের আইফোন ও আইপ্যাডেও ছড়িয়েছে। এসব ডিভাইসে কোডটির মাধ্যমে কোরুনা ও ডার্কসোর্ড নামের আইওএস এক্সপ্লয়েট কিট ছড়ানো হয়েছে। এ ছাড়া কয়েকটি যাচাইকৃত লেনদেনের মাধ্যমে আক্রমণকারীদের সঙ্গে সংশ্লিষ্ট ক্রিপ্টোকারেন্সি চুরির ঘটনাও শনাক্ত হয়েছে।
শনাক্ত হওয়ার পর বেশির ভাগ ক্ষতিকর কোড দ্রুত সরিয়ে ফেলা হয়। বাংলাদেশ সময় ১৭ নভেম্বর ভোর ৩টা ৫২ মিনিটে ১৮৮টি আক্রান্ত কোড স্নিপেটের মধ্যে মাত্র একটিতে সংক্রমিত স্ক্রিপ্টটি পাওয়া যায়। এর ৫৬ মিনিট আগে, ভোর ২টা ৫৬ মিনিটে ১৬৯টি স্নিপেটে স্ক্রিপ্টটির উপস্থিতি শনাক্ত হয়েছিল।
প্রতিষ্ঠানগুলোর বক্তব্য
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে গবেষক স্কট হেলমেকে উদ্ধৃত করে বলা হয়েছে, অপটিমাইজলি প্ল্যাটফর্মের মাধ্যমে ছড়ানো ম্যালওয়্যারটি বিভিন্ন খাতের ১৭৮টি ওয়েবসাইটকে লক্ষ্যবস্তু করেছিল। সাইবার নিরাপত্তা সংস্থা হাডসনরকের মতে, আক্রান্ত ওয়েবসাইটগুলো থেকে ব্যবহারকারীদের কাছে ক্ষতিকর কোড পাঠানোর প্রমাণ পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক ক্লাউড সফটওয়্যার প্রতিষ্ঠান সেলসফোর্স জানিয়েছে, অপটিমাইজলির স্ক্রিপ্টে অননুমোদিত পরিবর্তনের বিষয়টি তারা তদন্ত করছে। সম্ভাব্য ক্ষতি এড়াতে স্ক্রিপ্টগুলো নিষ্ক্রিয়ও করেছে প্রতিষ্ঠানটি।
ইক্যুইফ্যাক্সও বিষয়টি তদন্ত করে অপটিমাইজলির ব্যবহার বন্ধ করেছে। প্রতিষ্ঠানটির দাবি, তাদের নিজস্ব সিস্টেমে নিরাপত্তা লঙ্ঘনের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এ বিষয়ে অ্যাপল, জুম, এইচএসবিসি, সিএনএন ও আইকিয়া এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।
হ্যাকারদের ওয়ালেটে জমা ৭ হাজার ডলারের বেশি
রিপোর্ট ইউআরআইয়ের দাবি, বাংলাদেশ সময় ১৭ নভেম্বর রাত ১টা ২৫ মিনিট পর্যন্ত হ্যাকারদের ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটে প্রায় ৭ হাজার ৪০ ডলার জমা পড়েছিল। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৮ লাখ ৭৫ হাজার ৮৪৬ টাকা। তবে এই হামলায় মোট কত অর্থ চুরি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সরাসরি কতজন ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেটিও স্পষ্ট নয়।
অন্যদিকে অপটিমাইজলি জানিয়েছে, তাদের পরীক্ষামূলক অ্যাকাউন্ট তৈরির প্রক্রিয়ায় নিরাপত্তার দুর্বলতার সুযোগ নিয়ে অননুমোদিত ব্যক্তি এই হামলা চালিয়েছে। দুর্বলতাটি চিহ্নিত করে বন্ধ করার পাশাপাশি নিরাপত্তা সমস্যার সমাধান করা হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। আক্রান্ত গ্রাহকদেরও সতর্ক করা হয়েছে।
এর আগে বিভিন্ন বড় আর্থিক ও প্রযুক্তি প্রতিষ্ঠানে সাইবার হামলার ঘটনা ঘটেছে। ফ্রান্সের ব্যাংকিং ও বিমা গ্রুপ ক্রেডিট মুতুয়েল আরকেয়া থেকে ১৩ কোটি ৩০ লাখ ডলারের বেশি অর্থ ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে চুরির তথ্য পাওয়া যায়। এ ছাড়া বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্স থেকে ৬ দশমিক ৩ বিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরির ঘটনা এবং ইউরোপসহ বিভিন্ন দেশে ধারাবাহিক সাইবার হামলার ঘটনাও ঘটেছে।