নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার গঠনের সম্ভাবনা নাকচ আইজেনকোটের জোটের

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ওঠার পর তাঁর দল লিকুদ পার্টির সঙ্গে ঐক্য সরকার গঠনের সম্ভাবনা কার্যত নাকচ করে দিয়েছে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন ‘চেঞ্জ’ জোট। সোমবার ইসরায়েলি সম্প্রচারমাধ্যম কানকে এ তথ্য জানিয়েছেন জোটটির একাধিক সূত্র।
জোটের কয়েকজন নেতা ঘটনাটিকে ‘অভ্যুত্থানের চেষ্টা’ হিসেবে আখ্যা দিয়েছেন। একই সঙ্গে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেটের প্রধান ডেভিড জিনি এবং গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যানকে অপসারণের দাবি জানিয়েছেন তাঁরা।
বর্তমানে ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের চেষ্টা করছেন আইজেনকোট। তাঁর জোটে নাফতালি বেনেট, ইয়ার গোলান ও আভিগদোর লিবারম্যানের নেতৃত্বাধীন বিরোধী দলগুলোও রয়েছে।
কানের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে নেসেটের (ইসরায়েলি পার্লামেন্ট) শপথ গ্রহণ অনুষ্ঠানে আরব দলগুলোকে লক্ষ্য করে নেতানিয়াহুর আক্রমণাত্মক বক্তব্যের পরই সমঝোতার সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হয়েছিল।
এ ছাড়া ইরান বিষয়ে আলোচনার জন্য মোসাদপ্রধান গোফম্যানের যুক্তরাষ্ট্র সফর নিয়েও আইজেনকোটের অসন্তোষ রয়েছে। সম্প্রচারমাধ্যমটির তথ্য অনুযায়ী, সফরের কয়েক ঘণ্টা আগে নেতানিয়াহুর সঙ্গে আইজেনকোটের বৈঠক হলেও তাঁকে এ সফরের বিষয়ে কিছু জানানো হয়নি।
এর মধ্যে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। চ্যানেল ১২-এর রোববারের এক প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর কার্যালয় থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গত ২৭ অক্টোবর নির্বাচনের দিন ইসরায়েলের আরব মুসলিম রাজনৈতিক দল রা’আমের কয়েকজন কর্মীকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
প্রতিবেদন অনুযায়ী, গোয়েন্দা বিভাগের একজন কর্মকর্তা তথ্যের উৎসের বিশ্বাসযোগ্যতা যাচাইয়ের পরামর্শ দিয়েছিলেন। তবে পুলিশ তা উপেক্ষা করে অভিযান চালায়। পরে জানা যায়, তথ্যটির উৎস ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক একজন সহকারী।
চ্যানেল ১২ আরও জানিয়েছে, বিদেশি হস্তক্ষেপের আশঙ্কার কথা উল্লেখ করে নির্বাচনের দিন শিন বেটপ্রধান ডেভিড জিনি পাঁচজন আরব আইনপ্রণেতার ফোনে আড়ি পাতার অনুমতি চেয়েছিলেন। তবে অ্যাটর্নি জেনারেল গালি বাহারভ-মিয়ারা সেই আবেদন প্রত্যাখ্যান করেন।
গত ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ২৬তম নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নেতানিয়াহুর উগ্র ডানপন্থী জোটের আসনসংখ্যা কমে যায়। অন্যদিকে গাদি আইজেনকোটের জোট ও আরব দলগুলোর জোট মিলিয়ে ১২০ আসনের পার্লামেন্টে ৬৭টি আসন পায়।
নির্বাচনের পর ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। আরব দলগুলোর সমর্থন পেলে আইজেনকোটের পক্ষে সরকার গঠন করা সম্ভব। এ জন্য তিনি দেড় মাস সময় পাবেন। এই সময়ের মধ্যে ব্যর্থ হলে সরকার গঠনের সুযোগ পাবেন নেতানিয়াহু।
আরব দলগুলো জানিয়েছে, নেতানিয়াহু ও তাঁর উগ্রপন্থী মন্ত্রী ইতামার বেন-গভিরকে ক্ষমতা থেকে সরাতে তারা আইজেনকোটের জোটকে সমর্থন দেবে।
সূত্র: আনাদোলু এজেন্সি