মাদারীপুরে প্রেমের সম্পর্ক, বিয়ের দাবিতে তরুণের বাড়িতে আরেক তরুণ

মাদারীপুরের কালকিনিতে বিয়ের দাবিতে নবদ্বীপ চন্দ্র দাশ (১৯) নামে এক তরুণের বাড়িতে অবস্থান নিয়েছেন মাহিন মুন্সি নামে আরেক তরুণ। টিকটকের মাধ্যমে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর একসঙ্গে থাকার দাবিতে মঙ্গলবার (১৭ নভেম্বর) নবদ্বীপের বাড়িতে যান মাহিন। এ ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নবদ্বীপ চন্দ্র দাশ কালকিনি উপজেলার দক্ষিণ বাঁশগাড়ি ইউনিয়নের দক্ষিণ আকাল বরিশ গ্রামের রণজিৎ চন্দ্র দাশের ছেলে। অন্যদিকে মাহিন মুন্সি মাদারীপুর সদর উপজেলার বিল্লাল মুন্সির ছেলে।
দুজনের সঙ্গে কথা বলে জানা গেছে, টিকটকের মাধ্যমে তাঁদের পরিচয় হয়। পরে সেই পরিচয় থেকে ঘনিষ্ঠতা এবং একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বর্তমানে দুজনই একসঙ্গে থাকতে ও বিয়ে করতে চান। এ দাবিতেই নবদ্বীপের বাড়িতে অবস্থান নিয়েছেন মাহিন।
স্থানীয় ব্যক্তিরা জানান, এর আগেও দুইবার ওই বাড়িতে এসেছিলেন মাহিন। এবার বিয়ের দাবিতে সেখানে অবস্থান নিয়েছেন তিনি। দুজনই একসঙ্গে থাকার বিষয়ে অনড় রয়েছেন।
বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আলী আকবর হিলালু বলেন, ‘ঘটনাটি আমার পাশের বাড়ির। এক হিন্দু তরুণের বাড়িতে একজন মুসলিম তরুণ অবস্থান নিয়েছেন। খবর পেয়ে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানিয়েছি। পাশাপাশি ওই তরুণের পরিবারকেও খবর দেওয়া হয়েছে।’