ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৭ জন

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৪৪ জন, ময়মনসিংহে ৫৭, চট্টগ্রামে ২৯৭, খুলনায় ২৬৭, রাজশাহীতে ১২৩, রংপুরে ৩৮, বরিশালে ৩০৮ এবং সিলেট বিভাগে তিনজন রয়েছেন।
নতুন পাঁচজনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৫০৭। আর ১৭ নভেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৬৪৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১ লাখ ৫৯ হাজার ৫২৮ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ হাজার ৬০৯ জন।
এর আগে ২০২৫ সালে সারা দেশে ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ওই বছর এ রোগে মারা যান ৪১৩ জন।
২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন। তাঁদের মধ্যে মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।
অন্যদিকে ২০২৩ সালে ডেঙ্গু পরিস্থিতি ছিল আরও ভয়াবহ। ওই বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং মারা যান ১ হাজার ৭০৫ জন।