সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সংযুক্ত আরব আমিরাতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রবাসী নারীদের সংগঠন বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই (বিএলসি ইউএই)-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিনব্যাপী মেলা, সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্প্রতি আমিরাতের একটি অভিজাত ভেন্যুতে এ আয়োজন সম্পন্ন হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের সাতটি প্রদেশ আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, উম্মে আল কুয়াইন, রাস আল খাইমাহ ও ফুজাইরাহ থেকে প্রবাসী নারীরা পরিবার-পরিজন নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রবাসের ব্যস্ত জীবনে এই মিলনমেলা পরিণত হয় এক টুকরো বাংলাদেশে।
অনুষ্ঠানে বিএলসি কালচারাল ফোরাম ও বিএলসি উদ্যোক্তা ফোরামের সদস্যরা একত্রিত হন। মেলায় প্রবাসী নারী উদ্যোক্তাদের তৈরি দেশীয় পোশাক, হস্তশিল্প, অলংকার ও ঐতিহ্যবাহী খাবারের বিভিন্ন স্টল দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ‘বিএলসি অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান অনুষ্ঠান। প্রবাসের মাটিতে নিজ নিজ কর্মক্ষেত্রে বিশেষ অবদান, নারী অগ্রগতি এবং সফল উদ্যোক্তা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ অনুপ্রেরণাদায়ী নারী ব্যক্তিত্বদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
এ সময় বক্তারা বলেন, প্রবাসে বাংলাদেশি নারীদের মেধা, মনন ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। নারী অগ্রগতি ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সংগঠনটি ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
দিনব্যাপী আয়োজনের শেষ পর্বে বিএলসি কালচারাল ফোরামের শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান, নৃত্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাশাপাশি র্যাফেল ড্র-এর মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের সমাপ্তি ঘটে।