বাংলাদেশের জন্য তুরস্কের সক্ষমতা কাজে লাগানোর আশ্বাস এরদোয়ানের

জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ-৩১) চলাকালে তুরস্কের আনতালিয়ায় গত ১০ নভেম্বর দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর আশ্বাস দিয়ে এরদোয়ান বলেন, তুরস্কের সামর্থ্যের মধ্যে যা কিছু রয়েছে, বাংলাদেশের জন্য তা করতে প্রস্তুত তিনি। এ জন্য প্রধানমন্ত্রীকে প্রয়োজন অনুযায়ী তাঁকে আহ্বান জানানোর কথাও বলেন।
রোববার (১৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর তুরস্ক সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি জানান, বৈঠকে এরদোয়ান তারেক রহমানকে বলেছেন, তিনি বাংলাদেশের মানুষের নেতা। একই সঙ্গে তারেক রহমানকে নিজের মূল্যবান ভাই উল্লেখ করে তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তুরস্কের প্রেসিডেন্ট। বাংলাদেশের জন্য তুরস্কের সক্ষমতার সর্বোচ্চ ব্যবহারের আশ্বাসও দেন তিনি।
হুমায়ুন কবির বলেন, বহুপক্ষীয় সম্মেলনের আয়োজক দেশের প্রেসিডেন্ট সাধারণত খুব বেশি দ্বিপক্ষীয় বৈঠক করেন না। এরদোয়ানও অল্প কয়েকটি দেশের সরকারপ্রধানের সঙ্গে এমন বৈঠক করছেন। এর মধ্যে সম্মেলনের প্রথম দিনেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকটি ছিল অন্যতম গুরুত্বপূর্ণ।
প্রতিমন্ত্রী আরও বলেন, তুরস্কের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। দুই দেশের সম্পর্ক এখন অনন্য উচ্চতায় পৌঁছেছে এবং তা আরও ঘনিষ্ঠ হয়ে কৌশলগত অংশীদারত্বের দিকে এগোচ্ছে। বৈঠকটি অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলেও জানান তিনি।
বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা ও বিনিয়োগের বিষয়েও আলোচনা হয়েছে। হুমায়ুন কবিরের ভাষ্য অনুযায়ী, তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্কে সম্ভাব্য বিনিয়োগ এবং অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে দুই পক্ষের মধ্যে ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।
এ ছাড়া রোহিঙ্গা সংকট নিয়েও দুই নেতার মধ্যে কথা হয়েছে। রোহিঙ্গাদের জন্য অর্থায়ন এবং এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ‘ইন্টারন্যাশনাল ভয়েস অব কো-অপারেশন, টুগেদার উই ক্যান পারসু’ উদ্যোগ নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।