দুবাইফেরত যাত্রীর শরীর থেকে ১ কেজি স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর রেক্টাম থেকে ডিম্বাকৃতির চারটি স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এ ছাড়া তাঁর পরিহিত অন্তর্বাসে মাখানো অবস্থায় পাওয়া গেছে আরও স্বর্ণসদৃশ পেস্ট। সব মিলিয়ে জব্দ করা বস্তুগুলোর ওজন প্রায় এক কেজি, যার আনুমানিক মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।
রোববার (১৫ নভেম্বর) সকালে এক বিবৃতিতে এ তথ্য জানায় সিআইআইডি।
বিবৃতিতে বলা হয়, হাসান মিয়া নামের ওই যাত্রী দুবাই থেকে ঢাকায় আসেন। তাঁর বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। বিমানবন্দরে এক্স-রে পরীক্ষায় তাঁর রেক্টামে স্বর্ণসদৃশ বস্তু থাকার বিষয়টি শনাক্ত হয়। পরে তল্লাশি চালিয়ে সেখান থেকে প্রায় ৯০০ গ্রাম ওজনের চারটি ডিম্বাকৃতির বস্তু উদ্ধার করা হয়।
এ ছাড়া তাঁর পরিহিত অন্তর্বাসের কাপড়ে আনুমানিক ১০০ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট মাখানো অবস্থায় পাওয়া যায়। সব মিলিয়ে জব্দ করা বস্তুগুলোর ওজন প্রায় এক হাজার গ্রাম। প্রাথমিক হিসাবে এগুলোর মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তবে পরীক্ষা ও পরিশোধনের পর প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা নিশ্চিত হওয়া যাবে।
সিআইআইডির প্রাথমিক ধারণা, এ ঘটনার সঙ্গে সংঘবদ্ধ আন্তদেশীয় চোরাচালান চক্র জড়িত থাকতে পারে। চক্রটি শনাক্ত এবং এর নেপথ্যে থাকা ব্যক্তিদের খুঁজে বের করতে অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে অধিদপ্তর।