অপতথ্য ঠেকাতে তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ জরুরি: প্রধান তথ্য কমিশনার

তথ্যের অখণ্ডতা রক্ষা বর্তমান ডিজিটাল যুগের অন্যতম বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। তাঁর মতে, তথ্যের ঘাটতি, গোপন করার প্রবণতা এবং নির্ভরযোগ্য তথ্যের সহজলভ্যতার অভাব অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার সুযোগ তৈরি করে।
রোববার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে ডাটাফুল আয়োজিত ‘তথ্যের অখণ্ডতা সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘অপতথ্যের জাল ছিঁড়ে’।
নাহরিন ইসলাম খান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মের দ্রুত বিস্তারের ফলে মুহূর্তেই বিপুল পরিমাণ তথ্য ছড়িয়ে পড়ছে। এসব তথ্যের মধ্যে সত্য, মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য আলাদা করা সাধারণ মানুষের জন্য অনেক সময় কঠিন হয়ে পড়ে। এতে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে নেতিবাচক প্রভাব তৈরি হতে পারে।
অপতথ্যের বিস্তার রোধে তথ্য অধিকার আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে উল্লেখ করে প্রধান তথ্য কমিশনার বলেন, তথ্য অধিকার একটি মানবাধিকার এবং জনগণের ক্ষমতায়নের অন্যতম মাধ্যম। সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন, ২০০৯-এর কার্যকর বাস্তবায়ন জরুরি।
তিনি আরও বলেন, জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। অপতথ্য মোকাবিলায় মানুষের মধ্যে তথ্য সচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানগুলোকে স্বপ্রণোদিত তথ্য প্রকাশে গুরুত্ব দিতে হবে। এতে নাগরিকেরা সহজেই নির্ভরযোগ্য ও সঠিক তথ্য পাবেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সংবাদের নির্বাহী সম্পাদক শাহরিয়ার করিম, দেশ রূপান্তরের সম্পাদক মুস্তাফিজ শফি এবং গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক সদস্য জিমি আমির।
অনুষ্ঠানে তথ্যের অখণ্ডতা রক্ষা, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার প্রতিরোধ এবং এ বিষয়ে বিভিন্ন অংশীজনের করণীয় নিয়ে আলোচনা হয়।