আরব দেশগুলোর ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে যুক্তরাষ্ট্র, দাবি ইরানের

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে কয়েকটি আরব দেশ সহায়তা করেছে বলে অভিযোগ করেছে তেহরান। এ বিষয়ে তাদের কাছে নথিভুক্ত প্রমাণ রয়েছে এবং কূটনৈতিক চ্যানেলে বিষয়টি উত্থাপন করা হয়েছে বলে জানিয়েছে দেশটি।
রোববার (১৫ নভেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঈসমাইল বাঘেই এ অভিযোগ করেন।
তিনি বলেন, সব ধরনের তথ্য-প্রমাণ ইঙ্গিত দিচ্ছে, ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে এ অঞ্চলের কয়েকটি দেশ সহায়তা করেছে। এসব তথ্য নথিভুক্ত করা হয়েছে এবং বিষয়টিকে ইরান অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখবে।
বাঘেইয়ের অভিযোগ, সংশ্লিষ্ট দেশগুলোর ভূখণ্ডে থাকা সামরিক ঘাঁটি ব্যবহার করে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র, ড্রোন ও অন্যান্য আকাশযান দিয়ে হামলা চালিয়েছে। এ ছাড়া দেশগুলো মার্কিন বাহিনীকে রসদ ও অন্যান্য লজিস্টিক সহায়তাও দিয়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনে এসব দেশের সম্পৃক্ততা এবং এর পরিণতি স্পষ্ট বলেও মন্তব্য করেন তিনি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে পাল্টা হামলা চালায় তেহরান। ইরানের দাবি, এসব হামলার লক্ষ্য ছিল ওই দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও সামরিক স্থাপনা। জাতিসংঘ সনদের ৫১ নম্বর ধারায় স্বীকৃত আত্মরক্ষার অধিকার থেকেই তারা হামলা চালিয়েছে বলে দাবি করেন বাঘেই।
তিনি বলেন, ইরান এসব দেশের ভৌগোলিক অখণ্ডতাকে লক্ষ্য করে কোনো হামলা চালায়নি। দেশগুলোর ভূখণ্ডে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও সম্পদ লক্ষ্য করেই আত্মরক্ষামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে উপসাগরীয় আরব দেশগুলোর জোট গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) গত শুক্রবার তাদের ওপর চালানো হামলার জন্য ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে। এর পরই আরব দেশগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তার অভিযোগ তুলল তেহরান।
সূত্র: আলজাজিরা