সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শীতের প্রয়োজনীয় পণ্যে স্বপ্নে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় ‘দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন’, আসিফ মাহমুদ আরব দেশগুলোর ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে যুক্তরাষ্ট্র, দাবি ইরানের হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭২ স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক, স্টেন্ট বসানোর প্রস্তুতি সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ব্যক্তি মুক্তি পেলেন ‘আসনের অবস্থান অস্বস্তিকর ছিল, অসৌজন্য নয়’:  হুমায়ুন কবির দুবাইফেরত যাত্রীর শরীর থেকে ১ কেজি স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার বাংলাদেশের জন্য তুরস্কের সক্ষমতা কাজে লাগানোর আশ্বাস এরদোয়ানের অপতথ্য ঠেকাতে তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ জরুরি: প্রধান তথ্য কমিশনার
  • ভারতের আকাশসীমায় চীনা বিমানের অবস্থান, ঝুঁকিতে শিলিগুড়ি করিডোর?

    ভারতের আকাশসীমায় চীনা বিমানের অবস্থান, ঝুঁকিতে শিলিগুড়ি করিডোর?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের সিকিম রাজ্যের আকাশসীমায় প্রবেশের পর প্রায় ২০ থেকে ২৫ মিনিট অবস্থান করেছে চীনের একটি সামরিক বিমান। গত ১২ নভেম্বরের এ ঘটনায় ভারতীয় বিমানবাহিনী একাধিকবার সতর্কবার্তা পাঠালেও বিমানটি ওই এলাকা ছাড়েনি বলে জানা গেছে। রোববার (১৫ নভেম্বর) সংবাদমাধ্যম আউটলুক এক প্রতিবেদনে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করেছে।

    ঘটনাটি ভারতের নিরাপত্তা মহলে উদ্বেগ তৈরি করেছে। কারণ, যে এলাকায় চীনা বিমানটির উপস্থিতি শনাক্ত হয়েছে, সেখান থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরের ওপর নজর রাখা সম্ভব। এই সরু ভূখণ্ডই ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে।

    আউটলুকের প্রতিবেদনে বলা হয়, ১২ নভেম্বর সকাল ৮টার দিকে ভারতীয় বিমানবাহিনী চীনা সামরিক বিমানটির গতিবিধি শনাক্ত করে। এরপর একাধিকবার সতর্কবার্তা পাঠিয়ে বিমানটিকে ভারতীয় আকাশসীমা ছেড়ে নিজ ভূখণ্ডে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে সতর্কবার্তা উপেক্ষা করে সেটি ওই এলাকায় উড়তে থাকে। প্রায় ২৫ হাজার ফুট উচ্চতায় বিমানটির অবস্থান শনাক্ত করা হয়েছিল।

    বিমানটির মডেল, সুনির্দিষ্ট উড্ডয়নপথ এবং কখন সেটি ভারতীয় আকাশসীমা ছেড়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। এ বিষয়ে বক্তব্য জানতে ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিল আউটলুক। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

    কেন গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর

    পশ্চিমবঙ্গে অবস্থিত শিলিগুড়ি করিডোর ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার একমাত্র স্থলপথ। সবচেয়ে সংকীর্ণ অংশে এর প্রস্থ মাত্র ২০ থেকে ২২ কিলোমিটার। ভৌগোলিক অবস্থানের কারণে এটি ‘চিকেনস নেক’ বা ‘মুরগির গলা’ নামেও পরিচিত।

    চীন, নেপাল, ভুটান ও বাংলাদেশের কাছাকাছি অবস্থানের কারণে করিডোরটি ভারতের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অঞ্চলের আশপাশে যেকোনো অস্বাভাবিক সামরিক তৎপরতা ভারতের প্রতিরক্ষা পরিকল্পনায় বিশেষ গুরুত্ব পায়।

    সিকিমের সঙ্গে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সীমান্ত রয়েছে। এ অঞ্চলের কাছেই অবস্থিত ডোকলাম মালভূমি। ২০১৭ সালে ডোকলামকে কেন্দ্র করে ভারত ও চীনের সেনাদের মধ্যে দীর্ঘস্থায়ী সামরিক অচলাবস্থা তৈরি হয়েছিল।

    সীমান্তে চীনা সামরিক বিমানের উপস্থিতির আগের ঘটনাগুলো

    ভারত-চীন সীমান্তে চীনা সামরিক বিমানের উপস্থিতি নিয়ে এর আগেও একাধিকবার উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা বাড়লে এ ধরনের ঘটনা আলোচনায় এসেছে।

    ২০২২ সালের জুনে পূর্ব লাদাখে ভারতীয় সেনাদের অবস্থানের কাছাকাছি দিয়ে চীনের একটি সামরিক বিমান উড়ে যায়। ভারতীয় রাডার ও স্থলভাগে অবস্থানরত সেনারা বিমানটির গতিবিধি শনাক্ত করার পর বিমানবাহিনী প্রতিরক্ষামূলক ব্যবস্থা সক্রিয় করে। সামরিক পর্যায়ের যোগাযোগব্যবস্থার মাধ্যমেও বিষয়টি চীনকে জানানো হয়।

    এর আগে ২০২০ সালে পূর্ব লাদাখে দুই দেশের সেনাদের মধ্যে উত্তেজনার সময় প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি চীনা সামরিক হেলিকপ্টারের উপস্থিতি দেখা যায়। পরিস্থিতি পর্যবেক্ষণ ও সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে ভারতীয় বিমানবাহিনী যুদ্ধবিমান পাঠিয়েছিল। তবে সে সময় ভারতীয় কর্মকর্তারা জানিয়েছিলেন, চীনা হেলিকপ্টারগুলো ভারতের আকাশসীমায় প্রবেশ করেনি।

    ২০১৭ সালেও ভারতীয় আকাশসীমায় চীনা হেলিকপ্টার প্রবেশের একাধিক অভিযোগ ওঠে। ওই বছরের ১১ অক্টোবর উত্তরাখণ্ডের বারাহোতি এলাকায় চীনের দুটি হেলিকপ্টার ভারতীয় আকাশসীমা অতিক্রম করে বলে খবর প্রকাশিত হয়। একই বছরের ৭ নভেম্বর লাদাখের আকাশসীমায় চারটি চীনা হেলিকপ্টার প্রবেশের খবর পাওয়া যায়। এর মধ্যে একটি প্রায় ৩০ মিনিট অবস্থান করেছিল বলে জানা যায়।

    এ ছাড়া ২০১৭ সালের জুনে উত্তরাখণ্ডের চামোলি জেলার আকাশে চীনা সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার প্রায় পাঁচ মিনিট উড়েছিল। ডোকলাম অচলাবস্থা শুরুর প্রায় তিন মাস আগে এ ঘটনা ঘটে।

    সিকিমের আকাশসীমায় চীনা সামরিক বিমানের সাম্প্রতিক উপস্থিতি ভারত-চীন সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে শিলিগুড়ি করিডোরের কাছাকাছি এলাকায় বিমানটির অবস্থানের বিষয়টি ভারতের প্রতিরক্ষা মহলে বাড়তি গুরুত্ব পেতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন