বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১ হাজার ৬৭৪ জন বরিশাল বিভাগের তিন জেলায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন, উদ্বেগ রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, আকাশে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারে প্রত্যাবাসন: শামা ওবায়েদ বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী পর্যটন কার্নিভালের জন্য ঝাউবাগানের গাছ কাটা হয়নি: প্রশাসন প্রশাসনের একাংশ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে: জামায়াত শি-ট্রাম্প-পুতিনের নজিরবিহীন বৈঠক ঘিরে বিশ্বজুড়ে আলোচনা মক্কার ক্লক টাওয়ারের ঝুলিতে আরও দুটি গিনেস রেকর্ড একনেকে ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ৩৩ হাজার কোটি টাকা
  • প্রশাসনের একাংশ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে: জামায়াত

    প্রশাসনের একাংশ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে: জামায়াত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সরকার ও প্রশাসনের একাংশ পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ পরিকল্পনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি।

    বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

    তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সহিংসতা ও বিশৃঙ্খলা নিয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদে বিস্তারিত আলোচনা হয়েছে। পরিষদের মতে, গত ১২ ফেব্রুয়ারির গণভোটের রায় উপেক্ষা করে সরকার একদলীয় কর্তৃত্ববাদী মানসিকতায় দেশ পরিচালনা করছে। এ অবস্থান থেকেই বর্তমান সংকটের সৃষ্টি হয়েছে।

    মিয়া গোলাম পরওয়ার বলেন, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যাশায় রাজনৈতিক দলগুলো জুলাই সনদ নিয়ে ঐকমত্যে পৌঁছেছিল। সনদে স্বাক্ষরের পর গণভোটেও প্রায় ৭০ শতাংশ মানুষ এর পক্ষে রায় দিয়েছেন। কিন্তু ক্ষমতাসীন দল সেই রায় উপেক্ষা করছে। এতে সরকারের প্রতি জনগণের রাজনৈতিক আস্থার সংকট তৈরি হয়েছে।

    দেশের বিভিন্ন এলাকায় সহিংসতা ও অস্থিরতার চিত্র তুলে ধরে জামায়াতের এই নেতা বলেন, গোপালগঞ্জ, ফরিদপুর, ভাঙ্গা, নড়াইল ও পিরোজপুরসহ বিভিন্ন স্থানে মহাসড়কে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনা ঘটছে। কোথাও মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে থানায় হামলা করা হচ্ছে, আবার কোথাও থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়া হচ্ছে। পুলিশের ওপর হামলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসহায় পরিস্থিতি দেশের নিরাপত্তাব্যবস্থার অবনতির ইঙ্গিত দেয়।

    তিনি আরও বলেন, বিভিন্ন স্থানে সংসদ সদস্যদের বাড়ি, দোকানপাট, সিনেমা হলসহ নানা স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। পুরোনো ভিডিও ও ছবি জুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হচ্ছে। এসব ঘটনায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াত উদ্বিগ্ন।

    মিয়া গোলাম পরওয়ারের ভাষ্য, জনগণের জানমালের নিরাপত্তা এবং সরকারি স্থাপনা সুরক্ষার দায়িত্ব সরকারের। কিন্তু সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যথাযথভাবে সেই দায়িত্ব পালন করতে পারছে না বলে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ মনে করে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে সরকারের দাবি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো দায়িত্ব পালনে ব্যর্থ হলে রাষ্ট্রপতিরও ভূমিকা রাখা প্রয়োজন।

    প্রশাসনের একাংশের বিরুদ্ধে অভিযোগ তুলে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সরকারের দুর্বলতা ও প্রশাসনের একটি অংশের পরিকল্পিত ভূমিকার সুযোগ নিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। সচিবালয়, বেসামরিক প্রশাসন, পুলিশ ও বিচার বিভাগের গুরুত্বপূর্ণ পদে আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এখনো রয়েছেন বলে তিনি দাবি করেন। তাঁদের নিষ্ক্রিয়তা কিংবা প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ তৈরি হচ্ছে বলে দলের নির্বাহী পরিষদ মনে করে।

    শেখ হাসিনার দেশে ফেরার বিভিন্ন ঘোষণা ও বক্তব্যকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংঘাত ও উত্তেজনা তৈরি হচ্ছে বলেও অভিযোগ করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাঁকে দেশে ফেরানোর বিষয়ে ভারতের বিভিন্ন বক্তব্য বাংলাদেশের বিচারব্যবস্থা ও আইনের শাসনের প্রতি অসম্মানজনক। এ ধরনের বক্তব্যের নিন্দা জানায় জামায়াত।

    তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে বিভিন্ন এলাকায় সহিংসতা, মহাসড়কে বাধা, গাছ কেটে রাস্তা বন্ধ, যানবাহনে তল্লাশি, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

    দেশপ্রেমিক, আধিপত্যবাদবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না। এ লক্ষ্য সামনে রেখে জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি চালিয়ে যাবে জামায়াত।

    তিনি জানান, আগামী ২১ নভেম্বর শনিবার রাজধানীতে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে দলটি। ডিসেম্বরজুড়েও বিভিন্ন কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচির বিস্তারিত আগামী শনিবার সংবাদ সম্মেলনে জানানো হবে।

    মিয়া গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিবাদ একটি ভাইরাসের মতো। বর্তমান সরকারের কর্মকাণ্ডে ফ্যাসিবাদী মানসিকতার বিভিন্ন লক্ষণ দেখা যাচ্ছে বলে তাঁদের মনে হচ্ছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে জামায়াত জনগণের সঙ্গে থাকবে।

    জুলাই সনদের গণরায় মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণভোটের ফল মেনে নিলে রাজনৈতিক সংকট নিরসনের পথ তৈরি হবে। সরকার এ রায় মেনে নিলে জামায়াত তাদের কর্মসূচি প্রত্যাহার করবে। জুলাই সনদের সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে সরকার ও বিরোধী দল সংসদে আলোচনার মাধ্যমে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে পারে।

    সংসদের শেষ দিনে প্রধানমন্ত্রী ও বিরোধী দলের বক্তব্যের দিকে দেশবাসী তাকিয়ে আছে উল্লেখ করে তিনি বলেন, সংসদে জুলাই সনদ নিয়ে সৃষ্ট রাজনৈতিক সংকট নিরসনে ইতিবাচক বার্তা এলে রাজপথের সংঘাত এড়ানো সম্ভব হতে পারে।

    গার্মেন্টস খাতের সাম্প্রতিক সহিংসতা নিয়েও উদ্বেগ জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি ও শিল্পের স্বার্থ—দুটিই রক্ষা করতে হবে। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি শিল্পের সুরক্ষায় মালিকদের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। শিল্প ও শ্রমিক উভয়কে ক্ষতিগ্রস্ত করে দেশের অর্থনীতি ধ্বংসের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

    বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকার কিংবা বিএনপির পক্ষ থেকে জামায়াতের সহযোগিতা চাওয়া হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার বা সরকারি দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জামায়াতের কাছে সহযোগিতা চাওয়া হয়নি। গণভোট ও জুলাই সনদ মেনে নেওয়ার শর্তে সরকারকে সহায়তার কোনো সিদ্ধান্তও দলটির পক্ষ থেকে জানানো হয়নি। তাঁর মতে, সরকার গণভোটের রায় মেনে জনগণের আস্থা ফিরিয়ে আনলে রাজনৈতিক সংকটের পাশাপাশি অন্যান্য সমস্যার সমাধানও সহজ হবে।

    সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন