২০২৭ সালের শুরুতে বাংলাদেশ সফরে আসতে চান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েক। বুধবার (১৮ নভেম্বর) কলম্বোয় শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের কাছে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আমন্ত্রণটি সানন্দে গ্রহণ করেছেন। বাংলাদেশের নেতৃত্বের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে ২০২৭ সালের শুরুর দিকে ঢাকা সফরের আগ্রহও জানিয়েছেন তিনি।
সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান।
হুমায়ুন কবির বাংলাদেশ ও শ্রীলঙ্কার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। দুই দেশের সম্পর্ক জোরদারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথাও তুলে ধরেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের সম্পর্ক আরও গভীর করতে এবং পূর্বসূরিদের রেখে যাওয়া সহযোগিতার ধারাকে এগিয়ে নিতে আগ্রহী।
সাক্ষাতে শ্রীলঙ্কার দারিদ্র্য বিমোচনে প্রেসিডেন্ট দিশানায়েকের নেওয়া ‘ক্লিন শ্রীলঙ্কা’ ও ‘প্রজা শক্তি’ উদ্যোগের প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনকল্যাণমুখী উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।
এসব উদ্যোগের মধ্যে রয়েছে ২০ হাজার কিলোমিটার খাল খনন, ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্য। এ ছাড়া বাংলাদেশ সরকারের ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মারস কার্ড’ কর্মসূচি সম্পর্কেও শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে অবহিত করেন হুমায়ুন কবির।
উষ্ণ অভ্যর্থনার জন্য শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশ ও শ্রীলঙ্কার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।