মক্কার ক্লক টাওয়ারের ঝুলিতে আরও দুটি গিনেস রেকর্ড

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার বিখ্যাত ক্লক টাওয়ার নতুন করে দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে। বিশ্বের সবচেয়ে উঁচু ভবনে অবস্থিত জাদুঘর এবং সর্বোচ্চ উচ্চতায় থাকা উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকের স্বীকৃতি পেয়েছে ৬০১ মিটার উচ্চতার স্থাপনাটি। নতুন স্বীকৃতির ফলে টাওয়ারটির গিনেস রেকর্ডের সংখ্যা বেড়ে অন্তত পাঁচটিতে দাঁড়িয়েছে।
মক্কা নগরী ও পবিত্র স্থানগুলোর উন্নয়নবিষয়ক রয়্যাল কমিশন (রয়্যাল কমিশন ফর মক্কা সিটি অ্যান্ড হলি সাইটস) নতুন রেকর্ড দুটির সনদ গ্রহণ করেছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, গত ৫ জানুয়ারি এই স্বীকৃতি দেওয়া হয়।
ক্লক টাওয়ারের জাদুঘরটি ভূপৃষ্ঠ থেকে ৪২৬ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায় অবস্থিত। অন্যদিকে, উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকটির উচ্চতা ৫৬০ দশমিক ৮৭৫ মিটার। সেখান থেকে পবিত্র মসজিদুল হারামসহ মক্কা নগরীর বিস্তৃত দৃশ্য দেখা যায়।
২০১৯ সালের মে মাসে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় ক্লক টাওয়ার জাদুঘর। টাওয়ারের সর্বোচ্চ চারটি তলায় বিস্তৃত এই জাদুঘরে জ্যোতির্বিজ্ঞান, সময় গণনার ইতিহাস, মক্কার ঐতিহ্য এবং বিশাল ঘড়িটির নির্মাণ ও প্রকৌশলপ্রযুক্তি তুলে ধরা হয়েছে।
জাদুঘরে জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন যন্ত্রের বিবর্তন সম্পর্কে জানার সুযোগ রয়েছে। ইসলামী বর্ষপঞ্জির নতুন মাস শুরুর তারিখ নির্ধারণে চাঁদের নতুন অংশ বা হিলাল পর্যবেক্ষণে এসব যন্ত্র কীভাবে ব্যবহৃত হয়, সে বিষয়েও ধারণা পান দর্শনার্থীরা।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জাদুঘরের উচ্চতা নির্ধারণের সময় ভূপৃষ্ঠ থেকে মিলিমিটার পর্যন্ত নিখুঁত পরিমাপ করে। সংস্থাটির সংজ্ঞা অনুযায়ী, জনসাধারণের শিক্ষা ও সাংস্কৃতিক সমৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন নিদর্শন ও সংগ্রহ সংরক্ষণ এবং প্রদর্শনের স্থানকে জাদুঘর হিসেবে বিবেচনা করা হয়।
২০১২ সালে নির্মাণকাজ শেষ হওয়া মক্কা ক্লক টাওয়ার পবিত্র মসজিদুল হারামের পাশে অবস্থিত সাতটি টাওয়ার নিয়ে গঠিত আবরাজ আল-বাইত কমপ্লেক্সের অংশ। সৌদি বিনলাদিন গ্রুপ এই কমপ্লেক্স নির্মাণ করে। ঘড়ির ওপর থাকা ৭১ মিটার উঁচু চূড়াসহ টাওয়ারটির মোট উচ্চতা ৬০১ মিটার।
টাওয়ারটির চারদিকে রয়েছে চারটি বিশাল ঘড়ির ডায়াল। প্রতিটির ব্যাস ৪৩ মিটার, যা লন্ডনের এলিজাবেথ টাওয়ারের ঘড়ির ডায়ালের তুলনায় প্রায় ছয় গুণ বড়। ২০১১ সালের ২৮ নভেম্বর ঘড়ির ডায়ালের আকারের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেয়েছিল স্থাপনাটি।
নতুন স্বীকৃতির আগে বিশ্বের সবচেয়ে উঁচু ক্লক টাওয়ার, সবচেয়ে বড় ঘড়ির ডায়াল এবং সর্বোচ্চ উচ্চতায় স্থাপিত ঘড়ির ডায়ালের রেকর্ডও ছিল মক্কা ক্লক টাওয়ারের দখলে। এবার বিশ্বের সর্বোচ্চ জাদুঘর ও পর্যবেক্ষণ ডেকের স্বীকৃতি যুক্ত হওয়ায় গিনেস রেকর্ডে স্থাপনাটির অবস্থান আরও সুসংহত হলো।