পর্যটন কার্নিভালের জন্য ঝাউবাগানের গাছ কাটা হয়নি: প্রশাসন

সামাজিক যোগাযোগমাধ্যমে কক্সবাজারে ঝাউবাগান কেটে পর্যটন কার্নিভালের আয়োজন করা হচ্ছে বলে প্রচারিত অভিযোগের সত্যতা পায়নি জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো। বুধবার (১৮ নভেম্বর) সকালে কার্নিভাল আয়োজনের স্থান পরিদর্শন করে কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে কার্নিভালের জন্য কোনো গাছ কাটা হয়নি।
পরিদর্শনে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, সিভিল এভিয়েশন, জেলা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তারা অংশ নেন। তাঁরা কার্নিভালস্থল ও আশপাশের এলাকা ঘুরে দেখেন।
এ সময় সিভিল এভিয়েশনের এরোড্রাম কর্মকর্তা শিমুল গনী বলেন, বিমান ওঠানামার সুবিধার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গাছের ওপরের ও অতিরিক্ত অংশ ছাঁটাই করা হয়েছে। এটি নিয়মিত কার্যক্রমের অংশ, যা পর্যটন কার্নিভাল আয়োজনের অনেক আগেই করা হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনিম জাহান বলেন, কার্নিভালের জন্য গাছ কাটার অভিযোগের কোনো সত্যতা পরিদর্শনে পাওয়া যায়নি। ঘটনাস্থলে থাকা কাটা গাছগুলো বিমান চলাচলের সুবিধার্থে আগে ছাঁটাই করা হয়েছিল। এটি নিয়মিত কাজের অংশ। এসব গাছের হিসাব বন বিভাগের কাছে সংরক্ষিত রয়েছে। কার্নিভাল আয়োজনের সঙ্গে গাছ কাটার কোনো সম্পর্ক নেই।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যটনের কেন্দ্র হিসেবে কক্সবাজারকে গড়ে তুলতে সরকার কাজ করছে। পর্যটন কার্নিভাল আয়োজন নিয়ে ইতিমধ্যে একাধিক সভা হয়েছে। দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণের অন্যতম আয়োজন হয়ে উঠবে এই কার্নিভাল।
পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক রুহুল আমিন খান জানান, বাংলাদেশ পর্যটন করপোরেশন নিজস্ব জায়গায় তিন মাসব্যাপী এ কার্নিভালের আয়োজন করেছে। আয়োজকেরা পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করেননি এবং পরিবেশের কোনো ক্ষতিও করেননি।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী তারেকুর রহমান বলেন, কার্নিভালের জন্য কোনো গাছ কাটা হয়নি। ঝড়ে উপড়ে পড়া কিছু গাছ বন বিভাগ কেটে সংরক্ষণ করেছে এবং সেগুলো বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। ঘটনাস্থলে থাকা গাছের গুঁড়িগুলো সেসব গাছের। এ ছাড়া বিমান চলাচলের সুবিধার্থে সিভিল এভিয়েশন গাছের ওপরের কিছু অংশ ছাঁটাই করেছে, যার বিষয়ে বন বিভাগ অবগত।
পরিদর্শন শেষে পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক এহেছান কবির বলেন, কার্নিভালের জন্য গাছ কাটার কোনো প্রশ্নই আসে না। পুরোনো কিছু গাছের গুঁড়ি দেখিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গাছ কাটার প্রচার চালানো হচ্ছে, যা সত্য নয়। কার্নিভালের জন্য কোনো গাছ কাটা হয়নি, ভবিষ্যতেও কাটা হবে না।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া জলপরীর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবির বিষয়ে তিনি বলেন, কার্নিভালে জলপরীর কোনো ভাস্কর্য নেই। অথচ এ ধরনের ভাস্কর্য রয়েছে বলে প্রচার করা হচ্ছে। এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান তিনি।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সামীম আহমেদ, বিভাগীয় বন কর্মকর্তা কাজী তারেকুর রহমান, পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক এহেছান কবির এবং সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।