বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে প্রায় ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈধ পথে রেমিট্যান্সের প্রবাহ বাড়ানো এবং রিজার্ভ শক্তিশালী করতে সরকার বিভিন্ন নীতিগত সংস্কার ও উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে এক সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, ২০২৪ সালের ৮ আগস্ট বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন ডলার। ২০২৬ সালের ১৯ অক্টোবর হিসাবে তা বেড়ে প্রায় ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
তারেক রহমান বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস। এই খাতের বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি শ্রমিকদের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছিলেন।
তিনি বলেন, বৈধ পথে রেমিট্যান্সের প্রবাহ বাড়ানো, হুন্ডি প্রতিরোধ, লেনদেন সহজ করা এবং দ্রুত অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে সরকার বিভিন্ন নীতিগত সংস্কার করছে। এ লক্ষ্যে দেশের তফসিলি ব্যাংক, বিদেশি এক্সচেঞ্জ হাউস ও মানি ট্রান্সফার অপারেটরদের মধ্যে ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট স্থাপনের প্রক্রিয়া সহজ করা হয়েছে। এতে বিদেশে নতুন রেমিট্যান্স পাঠানোর সংযোগ যুক্ত করা সহজ হচ্ছে। পাশাপাশি প্রবাসীদের অর্থ পাঠানোর বিকল্প চ্যানেল বাড়ছে এবং প্রতিযোগিতা বৃদ্ধির ফলে লেনদেন খরচ কমছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করতে প্রবাসীদের পাঠানো অর্থের বিপরীতে সরকার নগদ সহায়তা বা প্রণোদনা দিচ্ছে। কম খরচে রেমিট্যান্স পাঠানোর সুযোগ তৈরিতে এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে সরাসরি গ্রাহকের বৈদেশিক মুদ্রার হিসাবে অর্থ পাঠানোর ব্যবস্থা চালু করতে বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করেছে।
রেমিট্যান্সের প্রবাহ বাড়ানো ও তা নিরবচ্ছিন্ন রাখতে নতুন ধারণা, প্রযুক্তি ও মাধ্যম নিয়ে উদ্ভাবনী কার্যক্রমও চলমান রয়েছে বলে জানান তারেক রহমান।