ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে, পাকিস্তানি নাগরিকের ২৭ বছরের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ দেশটির কয়েকজন শীর্ষস্থানীয় রাজনীতিবিদকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে পাকিস্তানি নাগরিক আসিফ মার্চেন্টকে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন নিউইয়র্কের ব্রুকলিন জেলা আদালত। মঙ্গলবার (১৭ নভেম্বর) এ রায় ঘোষণা করা হয়।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এক বিবৃতিতে জানায়, ৪৮ বছর বয়সী আসিফ মার্চেন্টকে ৩৩০ মাসের কারাদণ্ড দিয়েছেন জেলা আদালতের বিচারক এরিক আর. কোমিটি।
২০২৪ সালে এই হত্যার ষড়যন্ত্রের অভিযোগ ওঠে। ২০২৬ সালের মার্চে তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আট মাসের বিচারিক কার্যক্রম শেষে মঙ্গলবার সাজা ঘোষণা করেন আদালত।
মার্কিন কৌঁসুলিদের দাবি, আসিফ মার্চেন্টের সঙ্গে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) যোগসাজশ ছিল। ২০২০ সালে আইআরজিসির অন্যতম কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানি যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হওয়ার প্রতিশোধ নিতে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে তাঁদের অভিযোগ।
আদালতে সাক্ষ্য দিতে গিয়ে আসিফ মার্চেন্ট আইআরজিসির সঙ্গে যুক্ত হওয়ার কথা স্বীকার করেন। তবে তাঁর দাবি, ইরানে থাকা পরিবারের নিরাপত্তার হুমকির কারণে চাপের মুখে তিনি এ কাজে জড়িয়েছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ইরানের এক নিয়ন্ত্রক তাঁকে সম্ভাব্য তিনটি লক্ষ্যবস্তুর নাম দিয়েছিলেন। তবে নির্দিষ্ট কাউকে হত্যার নির্দেশ দেওয়া হয়নি।
বিচার চলাকালে উপস্থাপিত তথ্য অনুযায়ী, সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় ছিলেন ডোনাল্ড ট্রাম্প, তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন এবং জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি। ২০২৪ সালের নির্বাচনে এই তিনজনই প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন।
যেভাবে ব্যর্থ হয় হত্যার পরিকল্পনা
মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ২০২২ সালের শেষ দিকে অথবা ২০২৩ সালের শুরুর দিকে আইআরজিসির সঙ্গে কাজ শুরু করেন আসিফ মার্চেন্ট। এ সময় তিনি গোয়েন্দা কৌশল ও নজরদারি এড়িয়ে চলার পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ নেন। পরে কয়েকবার ইরান সফর করে কথিত নিয়ন্ত্রকের সঙ্গে দেখা করেন তিনি।
২০২৪ সালে তাঁকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়, যাতে হত্যার পরিকল্পনা বাস্তবায়নে লোক নিয়োগ করতে পারেন। ওই বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রে পৌঁছে নিউইয়র্কে পরিচিত এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন মার্চেন্ট। তাঁর ধারণা ছিল, ওই ব্যক্তি পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করতে পারবেন।
তবে ওই ব্যক্তি বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়ে দেন এবং পরে গোপন তথ্যদাতা হিসেবে কাজ শুরু করেন। এরপর মার্চেন্ট যাঁদের ভাড়াটে খুনি বলে মনে করেছিলেন, তাঁদের সঙ্গে বৈঠক করেন। প্রকৃতপক্ষে তাঁরা ছিলেন ছদ্মবেশী মার্কিন আইন প্রয়োগকারী কর্মকর্তা।
বিচার বিভাগের তথ্য অনুযায়ী, তাঁদের সঙ্গে রাজনৈতিক সমাবেশে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে হত্যা, নথিপত্র চুরি এবং রাজনৈতিক জমায়েতে বিক্ষোভ আয়োজনের বিষয়ে আলোচনা করেন মার্চেন্ট।
কৌঁসুলিদের দাবি, হত্যার পরিকল্পনা বাস্তবায়নের অগ্রিম অর্থ হিসেবে কথিত ভাড়াটে খুনিদের পাঁচ হাজার ডলার দিয়েছিলেন তিনি। বিদেশে থাকা এক ব্যক্তির সহায়তায় এই অর্থ সংগ্রহ করেন মার্চেন্ট।
২০২৪ সালের ১২ জুলাই টেক্সাসের রিচমন্ডে তাঁকে গ্রেপ্তার করা হয়। সে সময় যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।
মার্চেন্ট গ্রেপ্তারের এক দিন পর পেনসিলভানিয়ার বাটলার শহরে নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা হয়। তবে রয়টার্সের তৎকালীন প্রতিবেদন অনুযায়ী, ওই হামলার সঙ্গে মার্চেন্টের কোনো যোগসূত্র থাকার প্রমাণ পাওয়া যায়নি।
আত্মপক্ষ সমর্থনে যা বলেছিলেন মার্চেন্ট
আদালতে মার্চেন্টের পক্ষ থেকে বলা হয়, ইরানি এক এজেন্টের চাপে এবং অনিচ্ছা সত্ত্বেও তিনি এ পরিকল্পনায় যুক্ত হয়েছিলেন। ওই এজেন্ট ইরানে থাকা তাঁর পরিবারের ক্ষতি করার হুমকি দিয়েছিল বলে দাবি করেন তিনি।
মার্চেন্ট সাক্ষ্যে বলেন, তাঁর বিশ্বাস ছিল, মার্কিন কর্তৃপক্ষ শেষ পর্যন্ত পরিকল্পনাটি থামিয়ে দেবে এবং তিনি হয়তো তাদের সঙ্গে সহযোগিতা করতে পারবেন।
তবে কৌঁসুলিরা তাঁর এ বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন। তাঁদের যুক্তি, কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মার্চেন্টের যুক্তরাষ্ট্র ও ট্রাম্পবিরোধী বিভিন্ন পোস্ট তাঁর পরিকল্পনা বাস্তবায়নে আগ্রহের প্রমাণ দেয়।
অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, বিচারক মার্চেন্টের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়টি স্বীকার করলেও মন্তব্য করেন, যুক্তরাষ্ট্রের ক্ষতি করার ব্যাপারে তিনি অত্যন্ত আগ্রহী ছিলেন।
পাকিস্তানেও হয়েছিল তদন্ত
২০২৪ সালে মার্চেন্ট গ্রেপ্তারের পর পাকিস্তানেও এ বিষয়ে তদন্ত শুরু হয়। গত আগস্টে দেশটির কাউন্টার টেরোরিজম বিভাগের বরাত দিয়ে জিও নিউজ জানায়, পাকিস্তানে আসিফ মার্চেন্টের কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড পাওয়া যায়নি। তাঁর ভ্রমণের ইতিহাস, ব্যবহৃত মোবাইল সিম ও যানবাহনের তথ্যও যাচাই করে কর্তৃপক্ষ।
সে সময় পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানায়, তারা যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং মার্চেন্টের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আরও বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছে।
সূত্র: জিও নিউজ, রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেস।