মুম্বাইয়ের বাড়িতে রহস্যময় অভিজ্ঞতা, ‘ফিওনা’কে সরিয়ে দেন শ্রুতি

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী শ্রুতি হাসানের মুম্বাইয়ের বাড়িতে রাখা একটি ম্যানিকুইনকে ঘিরে ঘটেছিল অদ্ভুত এক ঘটনা। অভিনেত্রীর দাবি, মানুষের সমান উচ্চতার প্লাস্টিকের পুতুলটি নিজে থেকেই জায়গা বদলাত। বিষয়টি নিয়ে অস্বস্তি ও আতঙ্ক তৈরি হওয়ায় শেষ পর্যন্ত সেটি খুলে ফেলে দেন তিনি। বাড়ির পরিবেশ স্বাভাবিক করতে পালন করেন কিছু ধর্মীয় আচারও।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এই অভিজ্ঞতার কথা জানান শ্রুতি। তিনি বলেন, কিছু জায়গার অস্বাভাবিক পরিবেশ বা শক্তি তিনি অনুভব করতে পারেন। চেন্নাইয়ের বাড়িতে এমন কিছু মনে না হলেও মুম্বাইয়ের বাড়িতে মাঝেমধ্যে অস্বাভাবিক পরিস্থিতি অনুভব করতেন।
মুম্বাইয়ের বাড়িতে মানুষের সমান উচ্চতার একটি ম্যানিকুইন ছিল শ্রুতির। সেটির নাম দিয়েছিলেন ‘ফিওনা’। আলমারিতে জায়গা না থাকায় একটি অতিরিক্ত পোশাকও ম্যানিকুইনটির গায়ে পরিয়ে রেখেছিলেন তিনি। বন্ধুরা বাড়িতে এলে মজা করে ফিওনার সঙ্গে কথাও বলতেন।
তবে কিছুদিন পর থেকেই ম্যানিকুইনটিকে ঘিরে অস্বাভাবিক অভিজ্ঞতার কথা জানান অভিনেত্রী। তাঁর দাবি, ফিওনা নিজে থেকেই এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যেত। বিষয়টি ক্রমেই অস্বস্তিকর হয়ে উঠলে সেটি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেন তিনি। শ্রুতির ভাষায়, ‘ওটাকে খুলে ফেলি। একেবারে ফেলে দিই।’
এরপর বাড়ির পরিবেশ শান্ত করতে হনুমান চালিসা শুনতেন বলে জানান শ্রুতি। হাতে লবণ নিয়েও কিছু ধর্মীয় আচার পালন করেন তিনি। একপর্যায়ে পুরো বাড়িটি কার্যত বন্ধ করে দেন। অভিনেত্রীর দাবি, এসবের পর থেকে বাড়ির পরিবেশ শান্ত রয়েছে।
সাক্ষাৎকারে নিজের ধর্মবিশ্বাস নিয়েও কথা বলেন শ্রুতি হাসান। তিনি জানান, পরিবারের সদস্যদের মধ্যে তিনিই একমাত্র ধর্মবিশ্বাসী। ছোটবেলায় এমন পরিবেশে বড় হয়েছেন, যেখানে ধর্মীয় আচার পালন বা ঈশ্বরের উপাসনার প্রচলন তেমন ছিল না। বাবা কমল হাসানসহ পরিবারের অন্য সদস্যদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে তাঁর নিজের বিশ্বাসের পার্থক্য রয়েছে বলেও জানান অভিনেত্রী।