স্বামীর চেয়ে স্ত্রী ভালো অবস্থানে থাকুক, চান না ৯০ শতাংশ পুরুষ: দীপা

স্ত্রী কর্মজীবনে সফল হোক, ভালো অবস্থানে পৌঁছাক—এমন প্রত্যাশা অনেক পুরুষের থাকলেও নিজের চেয়ে স্ত্রী এগিয়ে যাক, তা অধিকাংশই মেনে নিতে পারেন না বলে মনে করেন অভিনেত্রী দীপা খন্দকার। তার মতে, অনেক পুরুষই চান স্ত্রী ভালো কিছু করুক, তবে স্বামীর চেয়ে ভালো অবস্থানে পৌঁছাক, তা চান না।
সম্প্রতি একটি পডকাস্টে ব্যক্তিগত জীবন, বিয়ে ও দাম্পত্য সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে নিজের এ পর্যবেক্ষণের কথা জানান দীপা। সেখানে তিনি বলেন, ‘আমার মনে হয়, ৯০ শতাংশ পুরুষ তার জীবনসঙ্গীকে ভালো অবস্থানে দেখতে পছন্দ করেন না। সবাই চায়, আমার বউ ভালো কিছু করুক কিন্তু আমার চেয়ে ভালো না।’
এ ধরনের মানসিকতা শুধু বিনোদন অঙ্গনে নয়, সমাজের প্রায় সব ক্ষেত্রেই রয়েছে বলে মনে করেন এই অভিনেত্রী। তার ভাষায়, ‘সেটা শিল্পী বলে না, সেটা প্রত্যেকটা জায়গায়।’
আলোচনায় নিজের বিয়ের একটি অভিজ্ঞতার কথাও তুলে ধরেন দীপা। তিনি জানান, একবার এক চিকিৎসকের সঙ্গে তাঁর বিয়ের কথা হয়েছিল। ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রে থাকতেন। তখন বিষয়টি নিয়ে মায়ের সঙ্গে কথা বলার সময় তাঁর মনে প্রশ্ন জেগেছিল, বিয়ের পর ওই ব্যক্তির সঙ্গে কী নিয়ে কথা বলবেন।
দীপা মনে করেন, ব্যক্তিত্বের সংঘাত কেবল গণমাধ্যম বা বিনোদন অঙ্গনের মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়। যেকোনো পেশা ও সম্পর্কেই এ ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। এ ক্ষেত্রে পারিবারিক শিক্ষা ও সময়ের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।