২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৬৮২

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২১৩ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১৮ জনে।
সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজনই ঢাকা বিভাগের।
একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৬৮২ জন রোগী ভর্তি হয়েছেন। বিভাগভিত্তিক হিসাবে, ঢাকা বিভাগে ৬৮৮ জন, রাজশাহীতে ৫৩, সিলেটে ২৫২, চট্টগ্রামে ২৬৯, বরিশালে ১৭২, ময়মনসিংহে ৭৯, খুলনায় ১৩২ এবং রংপুরে ৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২২ হাজার ৯৪৪ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ১৩ হাজার ৮৭০ জন।
এ সময়ে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৯ হাজার ৫৬৯ জনে। তাঁদের মধ্যে ২৫ হাজার ৪৪২ জনের হাম শনাক্ত হয়েছে।