মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লিপ বাম ব্যবহারে ঠোঁটের শুষ্কতা বাড়ছে কি না বুঝবেন যেভাবে ইসরায়েলের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হলেন আরব নেতা আহমেদ তিবি খাজার আত্মজীবনীতে নতুন করে উত্তাল অস্ট্রেলিয়ান ক্রিকেট, পাশে নেই কামিন্স পাচার হওয়া অর্থ ফেরাতে ফৌজদারি মামলায় লাগতে পারে ১০ বছর গ্রামের সবাই তারকাদের সঙ্গে চ্যাট করে, ৮০ লাখ ভিউয়ের ‘ইনস্টাগ্রাম’ অপ্রয়োজনে সিজারিয়ান নিরুৎসাহিত করার পরামর্শ সংসদীয় সাব কমিটির ৫১ মেডিকেল সেন্টারে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা, ফি নির্ধারণ সিলেট ও চট্টগ্রামে মডেল টি এস্টেট গড়তে আগ্রহী যুক্তরাজ্য-পর্তুগালের প্রতিনিধিদল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৬৮২ তেজগাঁও থানায় অবস্থানকালে ফোনে হত্যার হুমকি পেলেন মাহমুদা মিতু
  • পাচার হওয়া অর্থ ফেরাতে ফৌজদারি মামলায় লাগতে পারে ১০ বছর

    পাচার হওয়া অর্থ ফেরাতে ফৌজদারি মামলায় লাগতে পারে ১০ বছর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশকে দীর্ঘ ও জটিল আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। ফৌজদারি মামলার মাধ্যমে অর্থ পুনরুদ্ধারে ৫ থেকে ১০ বছর এবং দেওয়ানি বা সিভিল প্রক্রিয়ায় ৩ থেকে ৫ বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাচার হওয়া অর্থের বিভিন্ন স্তর শনাক্ত করা এবং সংশ্লিষ্ট দেশের আদালতে সম্পদ অবৈধ প্রমাণ করার জটিলতার কারণে এ দীর্ঘ সময় প্রয়োজন হতে পারে।

    সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্কফোর্সের উপদেষ্টা ফরহানুল গণি চৌধুরী এসব তথ্য জানান।

    তিনি বলেন, পাচার হওয়া অর্থ ফেরাতে আইনি কৌশলে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে টাস্কফোর্স। এ কাজে আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন বিশেষজ্ঞ নিয়োগের পাশাপাশি আন্তর্জাতিক আইনজীবী প্রতিষ্ঠান (ল ফার্ম) ও লিটিগেশন ফান্ডারদের যুক্ত করার চেষ্টা চলছে। ব্যাংক খাতের খেলাপি ঋণ ও অর্থ পাচারসংশ্লিষ্ট দ্বিতীয় ধাপে আরও প্রায় ৪০টি মামলা নিয়ে কাজ শুরু করেছে টাস্কফোর্স।

    ফরহানুল গণি চৌধুরী বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে শুধু বাংলাদেশের তদন্ত বা আইনি উদ্যোগ যথেষ্ট নয়। যে দেশে সম্পদ রয়েছে, সেখানকার আইন, আইন প্রয়োগকারী সংস্থা ও বিচার বিভাগের সহযোগিতা প্রয়োজন। বাংলাদেশে কোনো কাজ অবৈধ হলেও সংশ্লিষ্ট দেশের আইনে সেটি একইভাবে বিবেচিত না-ও হতে পারে। তাই প্রতিটি দেশের আইনি প্রক্রিয়া অনুসরণ করে সম্পদের অবৈধতা প্রমাণ করতে হবে।

    বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, পাচার হওয়া অর্থ ফেরাতে আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন বিশেষজ্ঞদের নিয়ে কাজ করছে টাস্কফোর্স। এ কার্যক্রমে পরামর্শক হিসেবে অর্থ পাচার ও সম্পদ পুনরুদ্ধারে আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞ একজন বিশেষজ্ঞকে নিয়োগ দেওয়া হয়েছে।

    তিনি বলেন, পাচার হওয়া অর্থ বিভিন্ন দেশ ও একাধিক স্তরের লেনদেনের মাধ্যমে স্থানান্তরিত হয়েছে। ফলে অর্থের বর্তমান অবস্থান, কোন কোন দেশের মধ্য দিয়ে তা পাচার হয়েছে এবং কীভাবে সম্পদ স্থানান্তর করা হয়েছে, তা শনাক্ত করা জটিল ও সময়সাপেক্ষ।

    টাস্কফোর্সের কার্যক্রমের অগ্রগতি নিয়মিত প্রকাশ না করার বিষয়ে আরিফ হোসেন খান বলেন, অর্থ পাচার একটি স্পর্শকাতর বিষয়। তদন্তের প্রতিটি তথ্য ও অগ্রগতি প্রকাশ করা হলে পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিরা আগেভাগেই সতর্ক হয়ে নতুন কৌশল নিতে পারেন। এতে অর্থ ফেরত আনার প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে প্রয়োজনীয় তথ্য গোপন রেখেই কার্যক্রম চালানো হচ্ছে।

    বিদেশে সম্পদ পুনরুদ্ধারের প্রক্রিয়া সম্পর্কে ফরহানুল গণি চৌধুরী বলেন, এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের আইন ও আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতার ওপর অনেক কিছু নির্ভর করে। বাংলাদেশে কোনো কাজ অবৈধ হলেও অন্য দেশের আইনে তা একইভাবে বিবেচিত না-ও হতে পারে। তাই সংশ্লিষ্ট দেশের আইনি প্রক্রিয়ায় অবৈধতা প্রমাণের পরই অর্থ ফেরত আনার উদ্যোগ নেওয়া সম্ভব।

    আন্তর্জাতিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের ফৌজদারি মামলায় পাঁচ থেকে ১০ বছর পর্যন্ত সময় লাগতে পারে। আর দেওয়ানি প্রক্রিয়ায় সম্পদ পুনরুদ্ধারে প্রয়োজন হতে পারে তিন থেকে পাঁচ বছর।

    ফরহানুল গণি চৌধুরী আরও বলেন, কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই বাংলাদেশ এ কার্যক্রম শুরু করেছিল। গত দুই বছরের অভিজ্ঞতার ভিত্তিতে এখন কৌশল হালনাগাদ করা হচ্ছে। যেসব ক্ষেত্রে কাজ প্রত্যাশা অনুযায়ী এগোয়নি, সেগুলো চিহ্নিত করে আরও কার্যকর কৌশল নেওয়ার চেষ্টা চলছে।

    ২০২৪ সালের অক্টোবরে বিদেশে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে টাস্কফোর্সের কার্যক্রম শুরু হয়। শুরুতে তৎকালীন সরকারের নির্ধারণ করে দেওয়া অগ্রাধিকারপ্রাপ্ত মামলাগুলো নিয়ে কাজ শুরু করে সংস্থাটি। সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রথম দুই বছরকে শেখা ও কৌশল নির্ধারণের সময় হিসেবে দেখছেন। ওই সময়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখন পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

    বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে ফৌজদারি মামলার পাশাপাশি দেওয়ানি আইনি প্রক্রিয়ায়ও গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ব্যাংকের টাস্কফোর্স। এ পর্যন্ত দুই ধাপে ব্যাংক খাতের খেলাপি ঋণ ও অর্থ পাচারসংশ্লিষ্ট মামলা নিয়ে কাজ শুরু হয়েছে। প্রথম ধাপে কয়েকটি খেলাপি ঋণসংশ্লিষ্ট মামলাকে অগ্রাধিকার দেওয়া হয়। পরে গত আগস্টে দ্বিতীয় ধাপে যুক্ত করা হয় আরও প্রায় ৪০টি মামলা।

    যেসব ক্ষেত্রে ব্যাংকের কাছে বিদেশে অর্থ স্থানান্তরের তথ্য রয়েছে এবং সংশ্লিষ্ট ঋণগ্রহীতা বা মালিকের বিদেশে অবস্থানের সম্ভাবনা আছে, সেসব মামলা বিবেচনায় নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ব্যাংকগুলোকে সামনে রেখে অর্থ পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হচ্ছে। কারণ, ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে এসব অর্থের বড় একটি অংশ বিদেশে পাচার হয়েছে। তাই ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলোকে আইনি লড়াইয়ে সক্রিয় করার পরিকল্পনা রয়েছে।

    এ বিষয়ে টাস্কফোর্সের উপদেষ্টা বলেন, সিভিল প্রক্রিয়ায় আন্তর্জাতিক আইনজীবী প্রতিষ্ঠান ও লিটিগেশন ফান্ডারদের যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশে আন্তদেশীয় সম্পদ পুনরুদ্ধারের অভিজ্ঞতা সীমিত। তাই বিভিন্ন দেশে এ ধরনের মামলা পরিচালনায় অভিজ্ঞ প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা নেওয়া হচ্ছে।

    তিনি জানান, বাংলাদেশে কাজ করতে আগ্রহী আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা চলছে। প্রাথমিকভাবে কিছু গোপনীয় নথি বিনিময় করা হচ্ছে। এসব নথি পর্যালোচনার পর চূড়ান্ত চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

    পাচার হওয়া অর্থের পরিমাণ, সম্পদের অবস্থান ও চলমান আইনি কৌশল প্রকাশের ক্ষেত্রে সতর্ক থাকতে চায় বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্ট ব্যক্তিদের আশঙ্কা, এসব তথ্য প্রকাশ পেলে অভিযুক্ত ব্যক্তিরা সম্পদ অন্যত্র সরিয়ে ফেলতে পারেন। এমনকি নতুন লেনদেনের মাধ্যমে সম্পদের অবস্থান আড়াল করার চেষ্টা করতে পারেন। এতে অর্থ পুনরুদ্ধারের উদ্যোগ বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

    বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, গণমাধ্যমের প্রশ্নের জবাব দেওয়া হবে। তবে কারিগরি ও কৌশলগত কারণে সব তথ্য প্রকাশ করা সম্ভব হবে না।

    বাংলাদেশ ব্যাংকের প্রত্যাশা, পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা সম্ভব হলে দুর্বল অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি দেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে আন্তর্জাতিক সহযোগিতা, আইনি সক্ষমতা ও দীর্ঘমেয়াদি আইনি লড়াইয়ের ওপর নির্ভর করছে এ উদ্যোগের সফলতা। ফলে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে আরও কয়েক বছর অপেক্ষা করতে হতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন