সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শীতের প্রয়োজনীয় পণ্যে স্বপ্নে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় ‘দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন’, আসিফ মাহমুদ আরব দেশগুলোর ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে যুক্তরাষ্ট্র, দাবি ইরানের হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭২ স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক, স্টেন্ট বসানোর প্রস্তুতি সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ব্যক্তি মুক্তি পেলেন ‘আসনের অবস্থান অস্বস্তিকর ছিল, অসৌজন্য নয়’:  হুমায়ুন কবির দুবাইফেরত যাত্রীর শরীর থেকে ১ কেজি স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার বাংলাদেশের জন্য তুরস্কের সক্ষমতা কাজে লাগানোর আশ্বাস এরদোয়ানের অপতথ্য ঠেকাতে তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ জরুরি: প্রধান তথ্য কমিশনার
  • ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় বাংলাদেশ

    ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির আকার এক ট্রিলিয়ন বা এক লাখ কোটি ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য অর্জনে বিচক্ষণ ঋণ ব্যবস্থাপনা, রাজস্ব খাতে শৃঙ্খলা এবং টেকসই অর্থায়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

    রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ ২০২৬’-এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    অর্থমন্ত্রী বলেন, ঋণ পরিশোধের ক্রমবর্ধমান চাপ, দুর্বল রাজস্ব আহরণ এবং সীমিত আর্থিক সক্ষমতা দেশের অর্থনীতির অন্যতম বড় চ্যালেঞ্জ। এ পরিস্থিতিতে সরকারকে নিশ্চিত করতে হবে, ঋণের অর্থ যেন অর্থনৈতিক প্রবৃদ্ধি, উৎপাদনশীলতা বৃদ্ধি ও জনকল্যাণে কার্যকর ভূমিকা রাখে।

    তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হতে হবে, ঋণ নেওয়া প্রতিটি টাকা যেন অর্থনৈতিক প্রবৃদ্ধি, উৎপাদনশীলতা ও জনকল্যাণে অর্থবহ অবদান রাখে। আমাদের উচ্চাকাঙ্ক্ষা শুধু আন্তর্জাতিক পুঁজিবাজারে প্রবেশ করা নয়, বরং দায়িত্বশীল ও টেকসই উপায়ে সেখানে অর্থায়নের সুযোগ কাজে লাগানো।’

    আমির খসরু জানান, প্রচলিত অর্থায়ন ব্যবস্থার পাশাপাশি সার্বভৌম সুকুক, গ্রিন ও ব্লু বন্ড এবং ব্লেন্ডেড ফাইন্যান্সের মতো বিকল্প ও উদ্ভাবনী অর্থায়ন পদ্ধতি ব্যবহারের বিষয়টিও বিবেচনা করছে সরকার।

    তিনি বলেন, একটি দেশের সার্বভৌম ঋণ ব্যবস্থাপনার সাফল্য কত টাকা ঋণ নেওয়া হয়েছে, তা দিয়ে বিচার করা যায় না। বরং ঋণের অর্থ কতটা কার্যকরভাবে প্রবৃদ্ধি, জনকল্যাণ ও দীর্ঘমেয়াদি সমৃদ্ধিতে অবদান রাখছে, সেটিই এর প্রকৃত মূল্যায়নের মানদণ্ড।

    অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) যৌথভাবে ১৫ ও ১৬ নভেম্বর ‘পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে সার্বভৌম ঋণ ব্যবস্থাপনা’ প্রতিপাদ্যে এ সম্মেলনের আয়োজন করেছে।

    সম্মেলনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের নীতিনির্ধারক, সরকারি কর্মকর্তা ও আর্থিক খাতের বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, অর্থায়নের বাড়তি ব্যয় এবং আন্তর্জাতিক পুঁজিবাজারের পরিবর্তিত পরিস্থিতিতে কীভাবে টেকসই ঋণ ব্যবস্থাপনা নিশ্চিত করা যায়, তা নিয়ে আলোচনা হচ্ছে।

    সম্মেলনে অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা অংশ নিয়েছেন। এ ছাড়া শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার ঋণ ব্যবস্থাপনা দপ্তরের প্রতিনিধি, এডিবি, বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মকর্তারাও যোগ দিয়েছেন।

    অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং।

    সম্মেলনের সার্বিক বিষয় তুলে ধরেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব হাসান খালেদ ফয়সাল। স্বাগত বক্তব্য দেন এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের লিড সোশ্যাল সেক্টর অফিসার এস এম ইবাদুর রহমান।

    তানভীর শাহরিয়ার গনি বলেন, ঋণ গ্রহণের সক্ষমতা বিবেচনায় রেখে ডলারভিত্তিক ইউরোবন্ড ও সুকুকের মাধ্যমে অর্থ সংগ্রহের সুযোগ বাংলাদেশের খতিয়ে দেখা উচিত।

    তিনি আরও বলেন, জেপি মরগ্যানের উদীয়মান বাজারের সরকারি বন্ড সূচকে বাংলাদেশের অন্তর্ভুক্তি আন্তর্জাতিক বাজারে দেশের বন্ডের পরিচিতি বাড়াতে পারে। তবে বিদেশি বিনিয়োগ আকর্ষণে অর্থনীতির শক্তিশালী ভিত্তি, স্বচ্ছ লেনদেন ব্যবস্থা এবং বিনিয়োগের অর্থ ফেরত নেওয়ার নির্ভরযোগ্য সুযোগ নিশ্চিত করতে হবে।

    বড় শিল্প প্রকল্পে অর্থায়নের জন্য আন্তর্জাতিক সেটেলমেন্ট প্ল্যাটফর্মগুলোর সঙ্গে বাংলাদেশের সংযোগ বাড়ানো এবং ব্যাংক ও পুঁজিবাজারের মধ্যে সমন্বয় জোরদারেরও আহ্বান জানান তিনি।

    অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির অংশ হিসেবে সরকারি অর্থায়ন আরও পূর্বানুমানযোগ্য ও স্বচ্ছ করতে বার্ষিক ঋণ পরিকল্পনা প্রকাশের উদ্যোগ নিয়েছে অর্থ বিভাগ।

    তিনি বলেন, বৈশ্বিক সুদের হার ও বিনিময় হারের অস্থিরতায় সরকারি ঋণ ব্যবস্থাপনা ক্রমেই জটিল হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ এবং ঋণ পরিশোধের দায়সংক্রান্ত তথ্য প্রকাশ ও প্রতিবেদন তৈরির ব্যবস্থা উন্নত করা হবে। পাশাপাশি ট্রেজারি বিল ও বন্ডের নিলাম প্রক্রিয়া শক্তিশালী করা এবং বিনিয়োগকারীর পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

    আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক জানান, টাকার অঙ্কে বাংলাদেশের বৈদেশিক ঋণের বার্ষিক সুদ পরিশোধের পরিমাণ ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ২০২৮-২৯ অর্থবছরে দ্বিগুণের বেশি হতে পারে।

    তিনি বলেন, ২০২৪-২৫ অর্থবছরের শেষে দেশের সরকারি ঋণ জিডিপির ৩৯ শতাংশের নিচে ছিল। ২০২৮-২৯ অর্থবছর পর্যন্ত এ হার প্রায় একই পর্যায়ে থাকবে বলে পূর্বাভাস রয়েছে।

    এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং বলেন, ঋণ পরিশোধের ব্যয় বেড়ে যাওয়ায় বাংলাদেশের উন্নয়ন ব্যয়ে চাপ তৈরি হচ্ছে। একই সঙ্গে অভ্যন্তরীণ ঋণের ওপর নির্ভরতাও বাড়ছে। ২০২০-২১ অর্থবছরে জিডিপির ২ দশমিক ৩ শতাংশের সমপরিমাণ ঋণ পরিশোধ ব্যয় ২০২৪-২৫ অর্থবছরে বেড়ে ৩ শতাংশে দাঁড়িয়েছে।

    সরকারি গ্যারান্টিসহ সব ধরনের সরকারি ঋণের তথ্য আরও বিস্তারিতভাবে প্রকাশের ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি ঋণ গ্রহণ, নগদ অর্থ ব্যবস্থাপনা ও বাজেট পরিকল্পনার মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানান, যাতে ঋণ পরিশোধের চাপ কার্যকরভাবে সামাল দেওয়া যায়।

    কিংফেং ঝাং আরও বলেন, অভ্যন্তরীণ বন্ডবাজারের গভীরতা বাড়ানো, প্রকল্প মূল্যায়ন ও সরকারি ক্রয়প্রক্রিয়া শক্তিশালী করা এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) প্রকল্পগুলোর তদারকি জোরদার করা প্রয়োজন। এতে সম্ভাব্য আর্থিক ঝুঁকি নিয়ন্ত্রণে রাখা সহজ হবে।

    উন্নয়নশীল দেশগুলো যখন সরকারি বিনিয়োগে অর্থায়ন, ঋণ পরিশোধের দায় সামাল দেওয়া এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে নানা চ্যালেঞ্জের মুখে, তখন এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ঋণের অর্থ ব্যবহার করে অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও প্রবৃদ্ধি ত্বরান্বিত করার পাশাপাশি সরকারের ওপর অসহনীয় আর্থিক চাপ এড়ানোর কৌশলও আলোচনায় গুরুত্ব পাচ্ছে।

    সম্মেলনে বিশেষ বক্তব্য দেন এডিবির পরামর্শক ও আইএমএফের সাবেক উপদেষ্টা প্রসাদ অনন্তকৃষ্ণন। তিনি সার্বভৌম ঋণ গ্রহণ, উৎপাদনশীল বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পারস্পরিক সম্পর্ক তুলে ধরেন।

    তাঁর উপস্থাপনায় সরকারি ঋণ কী পরিস্থিতিতে অর্থনীতির জন্য ইতিবাচক ফল বয়ে আনে এবং অতিরিক্ত ঋণ কীভাবে আর্থিক স্থিতিশীলতা দুর্বল করার পাশাপাশি বেসরকারি বিনিয়োগের সুযোগ সংকুচিত করতে পারে, তা ব্যাখ্যা করা হয়।

    বিশেষ করে এলডিসি থেকে উত্তরণের প্রক্রিয়ায় থাকা দেশগুলোর জন্য ঋণ ব্যবস্থাপনার চ্যালেঞ্জ এবং এর প্রভাব নিয়ে সম্মেলনে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ পর্যায়ে অর্থায়নের উৎস বহুমুখীকরণ ও আন্তর্জাতিক পুঁজিবাজারে প্রবেশের সুযোগ সম্প্রসারণের বিষয়েও আলোচনা হচ্ছে।

    সূত্র : বাসস


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন