মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লিপ বাম ব্যবহারে ঠোঁটের শুষ্কতা বাড়ছে কি না বুঝবেন যেভাবে ইসরায়েলের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হলেন আরব নেতা আহমেদ তিবি খাজার আত্মজীবনীতে নতুন করে উত্তাল অস্ট্রেলিয়ান ক্রিকেট, পাশে নেই কামিন্স পাচার হওয়া অর্থ ফেরাতে ফৌজদারি মামলায় লাগতে পারে ১০ বছর গ্রামের সবাই তারকাদের সঙ্গে চ্যাট করে, ৮০ লাখ ভিউয়ের ‘ইনস্টাগ্রাম’ অপ্রয়োজনে সিজারিয়ান নিরুৎসাহিত করার পরামর্শ সংসদীয় সাব কমিটির ৫১ মেডিকেল সেন্টারে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা, ফি নির্ধারণ সিলেট ও চট্টগ্রামে মডেল টি এস্টেট গড়তে আগ্রহী যুক্তরাজ্য-পর্তুগালের প্রতিনিধিদল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৬৮২ তেজগাঁও থানায় অবস্থানকালে ফোনে হত্যার হুমকি পেলেন মাহমুদা মিতু
  • ৩ হাজার কোটি টাকার সুকুক নিলাম ১ ডিসেম্বর, মুনাফা ৭.৫০ শতাংশ

    ৩ হাজার কোটি টাকার সুকুক নিলাম ১ ডিসেম্বর, মুনাফা ৭.৫০ শতাংশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তিন হাজার কোটি টাকা অভিহিত মূল্যের ১৮২ দিন মেয়াদি বাংলাদেশ সরকারের বিনিয়োগ সুকুক বা ইসলামি বন্ড নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ ডিসেম্বর এ নিলাম অনুষ্ঠিত হবে। ‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর অর্থায়নে এ সুকুক ইস্যু করা হবে।

    বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব শরিয়াহ সিকিউরিটিজ মডিউলের (এসএসএম) মাধ্যমে নিলাম অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রকল্পের প্রস্তাব ও সুকুকের শরিয়াহ যোগ্যতা ব্যবস্থাপনা বিভাগের অধীন গঠিত শরিয়াহ অ্যাডভাইজরি কমিটির অনুমোদন নিয়ে চূড়ান্ত করা হয়েছে।

    প্রসপেক্টাস অনুযায়ী, ইজারা পদ্ধতিতে নিলামের মাধ্যমে ৩ হাজার কোটি টাকা অভিহিত মূল্যের এ সুকুক ইস্যু করা হবে। এর মেয়াদপূর্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ২ জুন। বিনিয়োগকারীরা ১৮২ দিনের জন্য ভাড়া বাবদ মোট ১২১ কোটি ২৫ লাখ টাকা পাবেন। বার্ষিক ৭ দশমিক ৫০ শতাংশ হারে এ অর্থ এককালীন পরিশোধ করা হবে।

    বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চলতি অথবা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব রয়েছে, এমন সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সরাসরি নিলামে অংশ নিতে পারবে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকে চলতি বা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব থাকা দেশি-বিদেশি বহুজাতিক করপোরেট প্রতিষ্ঠান, বিনিয়োগ কোম্পানি, বিমা কোম্পানি, প্রভিডেন্ট ফান্ড ও পেনশন ফান্ড ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে নিলামে অংশ নিতে পারবে।

    বিনিয়োগকারীরা ১০ হাজার টাকার গুণিতক পরিমাণে সুকুক কেনার জন্য ১ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনলাইনে বিড জমা দিতে পারবেন। এ জন্য নিজ নিজ সুকুক ইনভেস্টর (এসআই) আইডি ব্যবহার করে শরিয়াহ সিকিউরিটিজ মডিউলে আবেদন করতে হবে।

    নতুন বিনিয়োগকারীদের আগামী ২৯ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে এসআই আইডি খোলার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নিলামে সফল বিনিয়োগকারীদের অনুকূলে বরাদ্দ করা সুকুকের পরিমাণ ১ ডিসেম্বর বিকেল ৩টায় এসএসএমে জানা যাবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন