খাজার আত্মজীবনীতে নতুন করে উত্তাল অস্ট্রেলিয়ান ক্রিকেট, পাশে নেই কামিন্স

আট বছর আগের স্যান্ডপেপার কেলেঙ্কারি নতুন করে আলোচনায় এসেছে অস্ট্রেলিয়ান ক্রিকেটে। আত্মজীবনীতে ওই ঘটনার নানা দিক তুলে ধরে সাবেক সতীর্থদের সঙ্গে বিরোধে জড়িয়েছেন উসমান খাজা। তবে পুরোনো ঘটনা সামনে আনার পেছনে রয়েছে ছয় বছর আগের একটি প্রতিশ্রুতি। ২০২০ সালে শৈশবের বন্ধু ডেভিড ওয়ার্নারকে প্রকৃত ঘটনা প্রকাশের কথা দিয়েছিলেন তিনি। অথচ মাত্র দুই মাস আগেও ওয়ার্নার জানতেন না, সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে যাচ্ছেন খাজা।
সোমবার (১৬ নভেম্বর) আলোচনায় আসা ‘দে ইউজড টু বি’ পডকাস্টে সঞ্চালক আন্তোনিয়েত লাতুফকে এসব কথা জানান অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার। গত সপ্তাহে প্যাট কামিন্সের আলোচিত সংবাদ সম্মেলনের আগে সাক্ষাৎকারটি রেকর্ড করা হয়। এতে নিজের আত্মজীবনী ‘সবর’ প্রকাশের উদ্দেশ্য, ওয়ার্নারকে দেওয়া প্রতিশ্রুতি এবং নতুন করে শুরু হওয়া বিতর্ক নিয়ে কথা বলেন ৩৯ বছর বয়সী খাজা।
খাজা জানান, ২০১৮ সালের স্যান্ডপেপার কেলেঙ্কারির দায় শুধু তিন ক্রিকেটারের ওপর চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত তিনি কখনোই মেনে নিতে পারেননি। বিশেষ করে শৈশবের বন্ধু ওয়ার্নারের সঙ্গে যে আচরণ করা হয়েছিল, তা তাঁর কাছে অন্যায্য মনে হয়েছে। এ কারণে একদিন নিজের জানা সত্য প্রকাশ করবেন বলে ২০২০ সালে ওয়ার্নারকে বার্তা দিয়েছিলেন।
খাজার ভাষায়, ‘অনেক আগেই ওয়ার্নারকে প্রতিশ্রুতি দিয়েছিলাম। কারণ আট বছর ধরে এই ঘটনার বোঝা তাকে বহন করতে হয়েছে। অথচ দুই মাস আগেও তাকে জানাইনি, আমার বইয়ে কী লিখেছি।’
প্রতিশ্রুতি দেওয়ার পর দীর্ঘ ছয় বছর বিষয়টি নিয়ে দুজনের মধ্যে তেমন কোনো আলোচনা হয়নি। আত্মজীবনী লেখার সময়ও ওয়ার্নারকে বিস্তারিত কিছু জানাননি খাজা। বই প্রকাশের সময় ঘনিয়ে এলে শেষ পর্যন্ত বন্ধুকে বার্তা পাঠান তিনি। খাজার দাবি, বিষয়টি শুনে অবাক হয়েছিলেন ওয়ার্নার।
তিনি বলেন, ‘২০২০ সালে তাকে একটি বার্তা পাঠিয়েছিলাম। এরপর ২০২৬ সাল পর্যন্ত বিষয়টি নিয়ে আমাদের প্রায় কোনো কথাই হয়নি। কিন্তু প্রতিশ্রুতিটা রেখেছি। দুই মাস আগে আবার বার্তা পাঠানোর সময় সে জানতই না, আমি এসব লিখছি। শুনে ভীষণ অবাক হয়েছিল।’
স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে লেখা অধ্যায়টি প্রকাশ করবেন কি না, তা নিয়েও দীর্ঘদিন দ্বিধায় ছিলেন খাজা। শেষ মুহূর্ত পর্যন্ত সিদ্ধান্তটি তাঁর হাতেই ছিল। ওয়ার্নারকে বিষয়টি জানানোর পরও বই প্রকাশের প্রায় এক সপ্তাহ আগে পর্যন্ত তাঁকে পুরো অধ্যায়টি পড়তে দেননি।
খাজার ব্যাখ্যা, আগেভাগে বিষয়টি ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা ছিল তাঁর। ক্রিকেটাঙ্গনে গোপন আলোচনা দীর্ঘদিন গোপন রাখা কঠিন বলেই মনে করেন তিনি।
বইয়ের বিষয়বস্তু নিয়ে স্টিভ স্মিথের সঙ্গেও আলাদাভাবে কথা বলতে হয়েছে খাজাকে। তবে সেই আলোচনা কিছুটা অস্বস্তিকর ছিল বলে স্বীকার করেছেন তিনি। অস্ট্রেলিয়া দল দক্ষিণ আফ্রিকা সফরে থাকায় তখন স্মিথের সঙ্গে কথা বলতে চাননি। সিরিজ শেষ হওয়ার পর তাঁর সঙ্গে যোগাযোগ করেন।
২০১৮ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতির ঘটনায় নিষিদ্ধ হয়েছিলেন তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তের পর স্মিথ ও ওয়ার্নারকে এক বছর এবং ব্যানক্রফটকে নয় মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়।
তবে সম্প্রতি প্রকাশিত আত্মজীবনীতে খাজার দাবি, স্যান্ডপেপার ব্যবহারের বিষয়ে দলের অন্য সদস্যরাও জানতেন। এমনকি কেপটাউনে ধরা পড়ার আগের পোর্ট এলিজাবেথ টেস্টেও বল বিকৃতিতে স্যান্ডপেপার ব্যবহারের অভিযোগ তুলেছেন তিনি। তাঁর এসব দাবি নিয়ে সাবেক ও বর্তমান অস্ট্রেলীয় ক্রিকেটারদের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে।
খাজার মতে, তিন ক্রিকেটারকে যেভাবে শাস্তি দেওয়া হয়েছিল, তা ছিল মাত্রাতিরিক্ত। পুরো দলের দায় নির্দিষ্ট কয়েকজনের ওপর চাপিয়ে দেওয়া ঠিক হয়নি বলেই মনে করেন তিনি। এ কারণে বইয়ে নিজের দেখা ও জানা ঘটনাগুলো তুলে ধরেছেন।
তবে তাঁর এই বক্তব্যের কারণে বর্তমান দলের কয়েকজন ক্রিকেটার নতুন সমস্যায় পড়তে পারেন, সেই আশঙ্কাও স্বীকার করেছেন খাজা।
তিনি বলেন, ‘আমি এমন তিনজনের পাশে দাঁড়িয়েছি, যাদের সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে বলে মনে করি। কিন্তু দলে এখনো যারা খেলছে, তাদের কারও কারও জন্য এর মূল্য দিতে হতে পারে। সবকিছুর মধ্যে ভারসাম্য রাখার সর্বোচ্চ চেষ্টা করেছি।’
নিজের পরিবারকেও এই বিতর্কের মূল্য দিতে হচ্ছে বলে জানিয়েছেন খাজা। সম্ভাব্য প্রতিক্রিয়ার কথা জেনেই আত্মজীবনীতে এসব তথ্য প্রকাশ করেছেন তিনি। তবে ব্যক্তিগত আক্রমণের মাত্রা এতটা তীব্র হবে, তা বুঝতে পারেননি বলে জানান সাবেক এই ওপেনার।
ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কাও মেনে নিতে প্রস্তুত তিনি। সংস্থাটির প্রধান নির্বাহী টড গ্রিনবার্গের সঙ্গে এখনো ভালো সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন খাজা। তবে ভবিষ্যতে সেই সম্পর্কে পরিবর্তন এলে সেটিকেও নিজের সিদ্ধান্তের জন্য সামান্য মূল্য হিসেবেই দেখবেন তিনি।
বই বিক্রির উদ্দেশ্যে পুরোনো বিতর্ক সামনে আনার অভিযোগও অস্বীকার করেছেন খাজা। তাঁর দাবি, অর্থ উপার্জনের জন্য স্যান্ডপেপার কেলেঙ্কারির অধ্যায়টি লেখেননি। নিজের অভিজ্ঞতা প্রকাশের সবচেয়ে উপযুক্ত মাধ্যম হিসেবে আত্মজীবনীকেই বেছে নিয়েছেন।
এদিকে খাজার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। গত শুক্রবার (১৩ নভেম্বর) সিডনিতে প্রায় ৭০ মিনিটের সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনা সম্পর্কে তাঁর কোনো ধারণা ছিল না। খাজার বক্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি।
অন্যদিকে সাবেক পেসার চ্যাড সেয়ার্স খাজার বক্তব্যের পক্ষে অবস্থান নিয়েছেন। তাঁর দাবি, ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি দলের অন্য সদস্যরাও জানতেন। এমনকি ড্রেসিংরুমে এ নিয়ে আলোচনাও হয়েছিল। তবে কামিন্স ও মিচেল স্টার্ক তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।
ক্রিকেট অস্ট্রেলিয়া নতুন করে তদন্ত শুরুর সম্ভাবনাও নাকচ করেছে। সংস্থাটির মতে, এত বছর পর সংশ্লিষ্ট ক্রিকেটারদের পরস্পরবিরোধী বক্তব্যের মধ্যে নতুন তদন্তে কার্যকর কোনো ফল পাওয়া কঠিন।
তবে নিজের অবস্থানে অনড় খাজা। তাঁর বিশ্বাস, দল হিসেবে দায় স্বীকার করা হলে স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে দীর্ঘদিনের বিতর্কের অবসান হতে পারে। সেই বিশ্বাস থেকেই ছয় বছর আগে ওয়ার্নারকে দেওয়া প্রতিশ্রুতি রেখেছেন তিনি। কিন্তু তাঁর আত্মজীবনী প্রকাশের পর অস্ট্রেলিয়ান ক্রিকেটের পুরোনো ক্ষত সারার বদলে বিতর্ক আরও গভীর হয়েছে।