ঢাকায় ২১ নভেম্বর বসছে ১৮তম এশিয়া ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ

রাজধানী ঢাকায় আগামী ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে ১৮তম এশিয়া ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬। বাংলাদেশ কিয়োকুশিন কারাতে অ্যাসোসিয়েশনের আয়োজনে এ প্রতিযোগিতায় এশিয়ার বিভিন্ন দেশের ৪৪ জন স্বনামধন্য কারাতেকা অংশ নেবেন। নারী ও পুরুষ—উভয় বিভাগে বিভিন্ন ক্যাটাগরিতে লড়াই হবে।
টুর্নামেন্টের প্রস্তুতি, আয়োজন ও বিস্তারিত তথ্য জানাতে ১৩ নভেম্বর বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ কিয়োকুশিন কারাতে অ্যাসোসিয়েশন। এতে প্রধান অতিথি ছিলেন আয়োজক কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন মামুন। উপস্থিত ছিলেন প্রধান পরামর্শক তফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মনির আহমেদ ফেরদৌসী আব্দুল্লাহ, আরিফুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আয়োজকেরা জানান, এবারের প্রতিযোগিতায় সভাপতিত্ব করবেন ১৬৬টি দেশের প্রতিনিধিত্বকারী আন্তর্জাতিক কারাতে সংস্থা আইকেওর (IKO) প্রেসিডেন্ট কানচো শোকেই মাতসুই। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন সংস্থাটির আন্তর্জাতিক পরিচালক শিহান কাতসুহিতো গোরাই।
আয়োজকদের আশা, এই প্রতিযোগিতার মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কারাতের পরিচিতি বাড়বে। একই সঙ্গে দেশের ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক যোগাযোগ ও সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।
প্রতিযোগিতা সফল করতে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন আয়োজকেরা।
টুর্নামেন্টের সময়সূচি ও স্থান
আগামী ২১ নভেম্বর শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর রিয়া গোপ মহিলা কমপ্লেক্সে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে বিস্তারিত জানতে বাংলাদেশ কিয়োকুশিন কারাতে অ্যাসোসিয়েশনের ০১৮১৯-২৭৬৭৭৯ নম্বরে যোগাযোগ করা যাবে।