‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কোনো আপস নয়’ : ডা. শফিকুর রহমান

জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটানো তরুণ প্রজন্ম দেশে নতুন করে কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে তাঁরা কোনো আপস করবেন না এবং এ লক্ষ্যে লড়াই অব্যাহত রাখবেন।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত ‘উপজেলা প্রতিনিধি সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান প্রজন্ম বুকের রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিদায় করেছে। তারা নতুন কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হতে দেবে না। যত দিন বেঁচে থাকবেন, এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন।
দেশের রাজনৈতিক ইতিহাস তুলে ধরে জামায়াতের আমির বলেন, এ জাতি বারবার অপশক্তির নির্যাতনের শিকার হলেও প্রতিবারই তা পরাজিত করে ঘুরে দাঁড়িয়েছে। সর্বশেষ ২০২৪ সালের ৫ আগস্ট এমন ঘটনা ঘটেছে।
তিনি বলেন, বাংলাদেশের জুলাই আন্দোলন ইতিহাসে ব্যতিক্রমী ঘটনা। আন্দোলনের স্মরণে ‘৩৬ জুলাই’ কথাটিও চালু হয়েছে, যা অন্য কোনো দেশের ক্যালেন্ডারে নেই। প্রায় ১ হাজার ৪০০ তরুণ-তরুণীর রক্ত ও জীবনের বিনিময়ে অর্জিত জুলাইয়ের পেছনে ছিল অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, লুণ্ঠন ও ফ্যাসিবাদের অবসানের আকাঙ্ক্ষা।
জুলাই আন্দোলনের উদ্দেশ্য ব্যাখ্যা করে তিনি বলেন, কোটা সংস্কারের দাবিতে রাস্তায় নামা সবাই সরকারি চাকরির জন্য আন্দোলন করেননি। তাঁর ভাষ্য, সরকারি চাকরিজীবীর সংখ্যা সর্বোচ্চ ২১ লাখ হলেও আন্দোলনে অংশ নিয়েছিলেন প্রায় চার কোটি তরুণ-যুবক। তাঁদের অনেকের পড়াশোনা শেষ হয়নি, আবার কারও সরকারি চাকরিতে প্রবেশের বয়সও পেরিয়ে গেছে। আন্দোলনকারীদের অনেকে রাষ্ট্রব্যবস্থার আমূল সংস্কারের দাবিতে রাজপথে এসেছিলেন।
তিনি বলেন, আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল ন্যায়বিচার। বেঁচে থাকা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, চাকরি ও ব্যবসাসহ সব ক্ষেত্রে নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রকে ন্যায্যতার ভিত্তিতে আচরণ করতে হবে।
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিরোধের প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, ২০২৪ সালের আন্দোলনে বর্তমান সরকারি দল ও বিরোধী দলসহ বিভিন্ন রাজনৈতিক পক্ষ অংশ নিয়েছিল। পরে জন-আকাঙ্ক্ষা ও আন্দোলনকারীদের প্রত্যাশা বিবেচনায় জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। সেখানে ৩৩টি রাজনৈতিক দল মাসের পর মাস আলোচনায় অংশ নেয়। সেই আলোচনার ভিত্তিতেই জুলাই সনদ তৈরি হয়েছে।
তাঁর দাবি, ঐকমত্যের ভিত্তিতে সরকার গঠন এবং রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনের জন্য দুটি নির্বাচনের সিদ্ধান্ত হয়েছিল। বর্তমান সরকারি দল একটি সিদ্ধান্ত মেনে অন্যটি মানেনি। এর ফলে সংকট তৈরি হয়েছে। তিনি বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে এবং জুলাই সনদের দাবি কোনোভাবেই পরিত্যক্ত হতে দেওয়া হবে না।
সংবিধান সংশোধনের উদ্যোগের সমালোচনা করে জামায়াতের আমির বলেন, সংবিধান সংশোধনের পক্ষে গণভোট হয়নি। তাঁর দাবি, ৭০ শতাংশ মানুষ যে রায় দিয়েছেন, তা উপেক্ষা করা যায় না। গণতন্ত্রে বিশ্বাস করলে জনগণের এই রায়কে সম্মান করতে হবে। তা না হলে মানুষের আস্থা ও নির্বাচনী ব্যবস্থার ভিত্তি ক্ষতিগ্রস্ত হবে।
ফ্যাসিবাদের বৈশিষ্ট্য তুলে ধরে তিনি বলেন, ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট দলের বিষয় নয়, এটি একটি ভাইরাসের মতো। যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে এর লক্ষণ দেখা যাবে, তাকে ফ্যাসিবাদী বলতে হবে। বর্তমান সরকারকে এখনই ফ্যাসিবাদী বলতে চান না জানিয়ে তিনি দাবি করেন, তবে সরকারের মধ্যে ফ্যাসিবাদের অনেক লক্ষণ দেখা যাচ্ছে।
দেশের সামাজিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে শফিকুর রহমান বলেন, অতীতের সমাজব্যবস্থায় প্রত্যাশিত পরিবর্তন আসেনি; বরং অনেক ক্ষেত্রে অবনতি হয়েছে। এসব পরিস্থিতির প্রতিবাদে তাঁরা সাত দফা দাবি নিয়ে কর্মসূচি পালন করছেন। বিভাগীয় সমাবেশ ও ধারাবাহিক তিনটি লংমার্চে মানুষের ব্যাপক সাড়া পেয়েছেন বলেও দাবি করেন তিনি।
মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াতের আমির বলেন, মাদক এখন শুধু তরুণদের সেবনের মধ্যেই সীমাবদ্ধ নেই; মাদকের মজুত ও বিস্তারের সঙ্গেও অনেক তরুণ জড়িয়ে পড়ছে। তাঁর অভিযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানেও মাদক বিক্রির ঘটনা ঘটছে। এভাবে তরুণ ও কিশোরদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়ছে।
তিনি বলেন, একসময় কিশোর গ্যাংয়ের মতো অপরাধী চক্রের অস্তিত্ব তেমন পরিচিত ছিল না। এখন শহরের পাশাপাশি গ্রামেও এর বিস্তার ঘটেছে। বিপথগামী কিশোরদের এককভাবে দায়ী না করে সমাজব্যবস্থা ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতার দিকেও নজর দিতে হবে। তাঁর মতে, ব্যক্তি, দল ও গোষ্ঠীস্বার্থে এসব অপরাধকে প্রশ্রয় দেওয়ার কারণে পরিস্থিতির অবনতি হয়েছে।
সংসদে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, চার দিন আগে সংসদে তিনি উল্লেখ করেছিলেন, সরকারি দলের একজন প্রবীণ সদস্য জনসভায় বলেছেন, আগে মাদকের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন ফ্যাসিস্ট দলের নেতারা, আর এখন নিয়ন্ত্রণ করছেন তাঁর দলের নেতারা। এমন বক্তব্য দেওয়ার জন্য ওই সদস্যকে ধন্যবাদ জানান তিনি।
শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ তুলে শফিকুর রহমান বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে জোর করে অধ্যক্ষ ও প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। এসব দায়িত্ব পালনের ন্যূনতম যোগ্যতা না থাকলেও দলীয় আনুগত্যের কারণে কেউ কেউ পদ পাচ্ছেন। পাশাপাশি স্কুল, কলেজ ও মাদ্রাসার পরিচালনা কমিটিতে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের স্থান দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এতে যোগ্য ও মেধাবী শিক্ষকেরা কোণঠাসা হয়ে পড়ছেন।
সমাজে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়ে জামায়াতের আমির বলেন, অসৎ নেতৃত্ব সরিয়ে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করা না গেলে সামাজিক সুবিচার নিশ্চিত করা সম্ভব নয়। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোট কারচুপি, ষড়যন্ত্র ও অনিয়মের সঙ্গে জড়িতদের সহযোগিতা না করার আহ্বান জানান তিনি। জনগণকে ঐক্যবদ্ধ করে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলার কথাও বলেন।
যুব ও ক্রীড়া বিভাগের কার্যক্রম নিয়ে তিনি বলেন, বিপথগামী তরুণদের সুস্থ জীবনে ফিরিয়ে আনার জন্য দৃশ্যমান উদ্যোগ নিতে হবে। শুধু জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে কাজ করলেই চলবে না; সমাজের সব শ্রেণির তরুণদের কল্যাণ ও ন্যায়ের পথে যুক্ত করতে হবে। নিজেদের চরিত্র ও চিন্তার প্রতিও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তরুণদের উদ্দেশে শফিকুর রহমান বলেন, যৌবন আল্লাহর দেওয়া নিয়ামত। দেশের কল্যাণ, দেশপ্রেম ও ঈমানি চেতনায় উজ্জীবিত হয়ে শক্তিশালী জাতীয় রাষ্ট্র গঠনে তরুণদের ভূমিকা রাখতে হবে।
ডিসেম্বর মাসের কর্মসূচিতে দলের নেতা-কর্মীদের সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাসজুড়ে তাঁদের বেশ কিছু কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচি সফল করতে সবাইকে সর্বশক্তি নিয়ে কাজ করতে হবে।
বক্তব্যের শেষ দিকে তিনি অতীতে দেশ ছেড়ে যাওয়া রাজনৈতিক নেতৃত্বের সমালোচনা করেন। তাঁর অভিযোগ, তাঁরা দেশ ছেড়ে গিয়েও জাতিকে কষ্ট দিচ্ছেন। জাতি সহজে জেগে না উঠলেও একবার জেগে উঠলে অন্যায়ের বিরুদ্ধে ছাড় দেয় না বলেও মন্তব্য করেন তিনি।
সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এতে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।