ভেজাল সার নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান কৃষি মন্ত্রণালয়ের

সামাজিক যোগাযোগমাধ্যমে ভেজাল ও নকল সার নিয়ে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দাবি, সরকার ভেজাল সার সরবরাহ করছে—এমন প্রচার সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত।
শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ভেজাল সারসংক্রান্ত একটি ভিডিও তাদের নজরে এসেছে। ভিডিওটি চলতি বছরের ২৭ আগস্ট মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার জাল্লা বাজারে ভাই ভাই এন্টারপ্রাইজ নামের একটি সার ডিলার প্রতিষ্ঠানে ভেজাল সার জব্দের ঘটনার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই প্রতিষ্ঠানের ডিলার পয়েন্টে ভেজাল ডিএপি সার বিক্রির অভিযোগে সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে সেদিন মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্ত ডিলারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভেজাল সার জব্দ করে ধ্বংস করা হয়।
এ ছাড়া উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির মাধ্যমে প্রতিষ্ঠানটির ডিলারশিপ বাতিলের ব্যবস্থাও নেওয়া হয়।
মন্ত্রণালয় বলছে, আগস্টে আইনগত প্রক্রিয়ায় নিষ্পত্তি হওয়া ঘটনাটির ভিডিও নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। ওই ভিডিও ও পোস্টে সরকার ভেজাল সার সরবরাহ করছে বলে যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। এ ধরনের অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করেছে মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ডিলার পর্যায়ে সরবরাহের আগে সরকার নির্ধারিত নিয়ম অনুসরণ করে পরীক্ষাগারে সারের গুণগত মান যাচাই করা হয়। সার সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন ও বিতরণসহ সরবরাহের প্রতিটি ধাপে নজরদারি ও তদারকি করা হচ্ছে।
সরকারি ব্যবস্থাপনায় সরবরাহ করা সারের মান নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।
সূত্র : বাসস