কপ-৩১: জলবায়ু মোকাবিলায় বর্জ্য ব্যবস্থাপনাকে মূলধারায় আনার আহ্বান মিন্টুর

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জলবায়ু পরিবর্তন মোকাবিলার পরিকল্পনায় বর্জ্য ব্যবস্থাপনা ও সম্পদের পুনর্ব্যবহারকে অবিচ্ছেদ্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, পরিবেশ সুরক্ষার পাশাপাশি জলবায়ু সহনশীলতা, জনস্বাস্থ্য রক্ষা, কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই অর্থনৈতিক উন্নয়নে বৃত্তাকার অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
শুক্রবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের ৩১তম সম্মেলন (কপ-৩১)-এর ব্লু জোনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘প্রবৃদ্ধি কি বর্জ্য উৎপাদনকে ছাড়িয়ে যেতে পারে?’ শীর্ষক উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় তিনি এসব কথা বলেন। ঢাকায় পাওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আবদুল আউয়াল মিন্টু বলেন, বাংলাদেশসহ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৃত্তাকার অর্থনীতি কেবল পরিবেশ সংরক্ষণের বিষয় নয়; এটি জলবায়ু সহনশীলতা বাড়ানো, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিরও কার্যকর মাধ্যম। এ খাতে দৃশ্যমান পরিবর্তন আনতে আন্তর্জাতিক অর্থায়ন, আধুনিক প্রযুক্তি ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন।
মন্ত্রী জানান, বিশ্বে প্রতিবছর ১০০ বিলিয়ন টনের বেশি উপকরণ ও সম্পদ ব্যবহৃত হলেও এর ১০ শতাংশেরও কম পুনর্ব্যবহার করা হয়। উৎপাদন ও ভোগের মধ্যে এই ব্যবধান পরিবেশের ওপর চাপ বাড়ানোর পাশাপাশি মূল্যবান সম্পদের অপচয় ঘটাচ্ছে। এ পরিস্থিতি পরিবর্তনে বৃত্তাকার অর্থনীতি নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি করতে পারে।
বাংলাদেশের জলবায়ু ঝুঁকির প্রসঙ্গ তুলে তিনি বলেন, বন্যার সময় পানি নিষ্কাশনব্যবস্থা ও বর্জ্য অপসারণ কেন্দ্রগুলো দ্রুত ক্ষতিগ্রস্ত হয়। এতে জনস্বাস্থ্য, পরিবেশ ও মানুষের জীবিকা সরাসরি হুমকির মুখে পড়ে। তাই বর্জ্য ব্যবস্থাপনাকে আলাদা কোনো কর্মসূচি হিসেবে না দেখে জলবায়ু অভিযোজন ও সহনশীলতা বৃদ্ধির অপরিহার্য অংশ হিসেবে বিবেচনা করতে হবে।
মন্ত্রী বলেন, বর্জ্য কমানো, পুনর্ব্যবহার ও পুনঃপ্রক্রিয়াজাতকরণে বাংলাদেশ ইতোমধ্যে ‘ত্রি-আর’ (রিডিউস, রিইউজ ও রিসাইকেল) কৌশল এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা প্রণয়ন করেছে। প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় বর্ধিত উৎপাদক দায়বদ্ধতা (ইপিআর) কাঠামো তৈরি করা হয়েছে। ব্যবহৃত লেড-অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা প্রণয়নের কাজ চলছে।
তিনি আরও জানান, পরিবেশ অধিদপ্তর ও জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার (ইউএনআইডিও) সহযোগিতায় সিরাজগঞ্জে চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি কেন্দ্রীয় শোধনাগার স্থাপন করা হয়েছে। পরিবেশসম্মত ও অর্থনৈতিকভাবে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার সম্ভাবনা দেখানো এই উদ্যোগ ভবিষ্যতে আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সরকারের।
সরকারের নির্বাচনী ইশতেহারে বৃত্তাকার অর্থনীতিভিত্তিক উন্নয়ন মডেল গ্রহণের অঙ্গীকার রয়েছে উল্লেখ করে মিন্টু বলেন, কঠিন, চিকিৎসা, বস্ত্র ও ইলেকট্রনিক বর্জ্য ব্যবস্থাপনায় বিনিয়োগ আকর্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি পুনর্ব্যবহারযোগ্য উপকরণ পৃথকীকরণ ও পুনরুদ্ধারে সারা দেশে ম্যাটেরিয়াল রিকভারি ফ্যাসিলিটি (এমআরএফ) স্থাপন এবং প্রতিটি প্রশাসনিক বিভাগে একটি করে ই-বর্জ্য পুনর্ব্যবহার কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
বর্জ্য ব্যবস্থাপনার অবকাঠামো নির্মাণে জলবায়ু সহনশীলতাকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়ে তিনি বলেন, বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন জলবায়ুজনিত দুর্যোগ মোকাবিলায় সক্ষম অবকাঠামো প্রয়োজন। বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে যায়, এমন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রকে টেকসই বা জলবায়ু সহনশীল বলা যায় না।
প্লাস্টিক দূষণ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে মন্ত্রী জানান, গ্লোবাল প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপের (জিপিএপি) সঙ্গে সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশে ন্যাশনাল প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপ (এনপিএপি) বাস্তবায়িত হচ্ছে। এর প্রাথমিক লক্ষ্য ছিল প্লাস্টিক বর্জ্যের বর্তমান পরিস্থিতি মূল্যায়ন ও কর্মপরিকল্পনা তৈরি। তবে সরকার এখন আরও বিস্তৃত ও সমন্বিত উদ্যোগ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে।
এ জন্য সরকার, শিল্প খাত ও উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিদের নিয়ে একটি সরকারি-বেসরকারি স্টিয়ারিং গ্রুপ গঠনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে প্লাস্টিক দূষণ রোধে বিভিন্ন উদ্যোগের মধ্যে সমন্বয় বাড়ানো, একই কাজের পুনরাবৃত্তি এড়ানো এবং বাস্তবায়নের প্রতিবন্ধকতা দ্রুত চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
মিন্টু বলেন, প্লাস্টিক দূষণ মোকাবিলায় আন্তর্জাতিক চুক্তি নিয়ে আলোচনায় পণ্যের তালিকা ও উদ্বেগজনক রাসায়নিক উপাদানের বিষয়গুলো ক্রমেই গুরুত্ব পাচ্ছে। ভবিষ্যতের বৈশ্বিক সিদ্ধান্তের জন্য প্রস্তুতি নিতে সম্পদের দক্ষ ব্যবহার, পরিচ্ছন্ন উৎপাদন ও পরিবেশবান্ধব পণ্যের তালিকায় বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। বাংলাদেশের প্লাস্টিক শিল্পনীতিও এ লক্ষ্য সামনে রেখে এগোচ্ছে।
বর্জ্য ব্যবস্থাপনায় আন্তর্জাতিক অর্থায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে পরিবেশমন্ত্রী বলেন, পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগ সহায়তার জন্য বিশ্বব্যাপী ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডের মতো উদ্যোগ রয়েছে। একইভাবে বর্জ্য ব্যবস্থাপনার জন্যও পৃথক আন্তর্জাতিক বিনিয়োগ প্ল্যাটফর্ম গড়ে তোলা প্রয়োজন। এ ধরনের উদ্যোগে প্রথমে বর্জ্য উৎপাদন কমানো এবং পরে সম্পদ পুনরুদ্ধারকে অগ্রাধিকার দিতে হবে।
তিনি বলেন, টেকসই বর্জ্য ব্যবস্থাপনা ও বৃত্তাকার অর্থনীতির অগ্রগতিতে বাংলাদেশের কারিগরি সহায়তা, অর্থায়ন এবং কার্যকর আন্তর্জাতিক অংশীদারত্ব প্রয়োজন। এ লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সম্প্রদায়, উন্নয়ন সহযোগী ও বেসরকারি খাতের সঙ্গে যৌথভাবে কাজ করতে বাংলাদেশ প্রস্তুত।
ডব্লিউইএফের আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনায় বৃত্তাকার অর্থনীতির মাধ্যমে শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানো, সম্পদের কার্যকর ব্যবহার, বর্জ্য হ্রাস, পরিবেশবান্ধব কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়।
আলোচনা সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সার্কুলার ইকোনমি ট্রান্সফরমেশন অ্যান্ড গ্লোবাল প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপের পরিচালক ক্লেমেন্স স্মিড। এতে জার্মানির পরিবেশ, জলবায়ু কার্যক্রম, প্রকৃতি সংরক্ষণ ও পারমাণবিক নিরাপত্তাবিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. হাইকে হেনসহ সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা অংশ নেন।