নগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানি গোয়েন্দাকে যুদ্ধপরিকল্পনা দিয়েছেন ভারতীয় কর্মকর্তা

পাকিস্তানি এক নারীর কাছ থেকে নগ্ন ছবি পাওয়ার বিনিময়ে ভারতীয় বিমানবাহিনীর গোপন যুদ্ধপরিকল্পনার তথ্য পাচারের অভিযোগ উঠেছে দেশটির এক উইং কমান্ডারের বিরুদ্ধে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) পুলিশের দেওয়া চার্জশিটের বরাতে এ তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ ইন্ডিয়া।
চার্জশিটে বলা হয়েছে, পাকিস্তানি ওই নারীকে নগ্ন ছবি পাঠানোর বিনিময়ে ভারতীয় বিমানবাহিনীর গোপন যুদ্ধপরিকল্পনার একটি পাতার ছবি দেওয়ার প্রস্তাব দেন অভিযুক্ত কর্মকর্তা। পরে ছদ্মবেশী ওই নারী গোয়েন্দা তাঁকে ছবি পাঠালে তিনি গোপন পরিকল্পনার একটি পাতার ছবি পাঠান।
পরবর্তী সময়ে ওই কর্মকর্তার প্রস্তাব আরও বিস্তৃত হয়। তিনি পাকিস্তানি ওই নারীকে জানান, প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে একটি করে গোপন পরিকল্পনার পাতার ছবি দেবেন।
পুলিশের দাবি, চলতি বছরের ১২ জানুয়ারি থেকে ১ এপ্রিল পর্যন্ত ওই পাকিস্তানি নারী গোয়েন্দার সঙ্গে যোগাযোগ ছিল অভিযুক্ত কর্মকর্তার। এ সময় তিনি ভারতের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য সরবরাহ করেন।
বিষয়টি জানাজানি হওয়ার পর তাঁর বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়। গত পাঁচ মাস ধরে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন।
চার্জশিট অনুযায়ী, গত ১ এপ্রিল একটি স্মার্টফোন নিয়ে কর্মস্থলে প্রবেশের চেষ্টা করেন ওই কর্মকর্তা। এ সময় তাঁকে বাধা দেওয়া হয় এবং ফোনটি তল্লাশি করে তথ্য পাচারের বিষয়টি সামনে আসে।
পুলিশের ভাষ্য, পাচার করা তথ্যের মধ্যে ভারতীয় বিমানবাহিনীর গোপন ড্রোন ইউনিটের বিস্তারিত বিবরণ ছিল। এর মধ্যে ড্রোনের পরীক্ষামূলক উড্ডয়ন, কতক্ষণ আকাশে থাকতে পারে, অস্ত্রের লক্ষ্যবস্তু নির্ধারণ ব্যবস্থা এবং এর সক্ষমতা সম্পর্কিত তথ্য রয়েছে।
এ ছাড়া যুদ্ধ শুরু হলে ওই ড্রোন ইউনিট কোথায় মোতায়েন করা হবে, সেই তথ্যও পাকিস্তানি গোয়েন্দার কাছে সরবরাহ করেছেন বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে। পুলিশের মতে, এসব তথ্য যুদ্ধক্ষেত্রে ভারতীয় সেনাসদস্য ও সামরিক সরঞ্জামের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।