সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে হামলা, আগুন নিয়ন্ত্রণে

সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির পশ্চিমাঞ্চলের মদিনা অঞ্চলে পাইপলাইনের একটি স্থাপনায় অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন জরুরি উদ্ধার ও অগ্নিনির্বাপণকর্মীরা। এ ঘটনায় কেউ হতাহত হননি। স্বাভাবিক রয়েছে পাইপলাইনের কার্যক্রমও।
সোমবার (৯ নভেম্বর) সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বক্তব্যে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, হামলার খবর পাওয়ার পরপরই জরুরি সাড়াদানকারী দল ও বিশেষায়িত কারিগরি দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। নিরাপত্তা প্রটোকল ও জরুরি পরিকল্পনা অনুযায়ী স্থাপনাটি সুরক্ষিত করা এবং এর নিরাপত্তা যাচাইয়ের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
সৌদি কর্তৃপক্ষের দাবি, অগ্নিকাণ্ডের পরও পাইপলাইনের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। অপরিশোধিত তেল পরিবহনেও কোনো বিঘ্ন ঘটেনি। তবে হামলার ধরন, ব্যবহৃত অস্ত্র কিংবা এর পেছনে কারা রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
হরমুজ প্রণালির বিকল্প গুরুত্বপূর্ণ রুট
সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন দেশটির অন্যতম কৌশলগত জ্বালানি অবকাঠামো। প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন পারস্য উপসাগরসংলগ্ন পূর্বাঞ্চলের তেল উৎপাদন এলাকাকে লোহিত সাগরের ইয়ানবু বন্দরের সঙ্গে যুক্ত করেছে।
হরমুজ প্রণালি এড়িয়ে অপরিশোধিত তেল রপ্তানির ক্ষেত্রে পাইপলাইনটি সৌদি আরবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় এই বিকল্প রুটের কৌশলগত গুরুত্ব বেড়েছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালিতে সরবরাহ বিঘ্নিত হওয়ার প্রেক্ষাপটে সৌদি আরব এই পাইপলাইন দিয়ে প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ইয়ানবু বন্দরে পাঠাচ্ছে। এই পরিমাণ বৈশ্বিক তেল সরবরাহের আনুমানিক ৪ শতাংশ।
হামলার জন্য কোনো দেশ বা সশস্ত্র গোষ্ঠীকে সরাসরি দায়ী করেনি সৌদি কর্তৃপক্ষ। ফলে এর পেছনে কারা রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এমন এক সময়ে এই হামলার ঘটনা ঘটল, যখন সৌদি আরবের নেতৃত্বাধীন জোট ও ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক সময়ে সৌদি ভূখণ্ড ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনাও ঘটেছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে বিশ্বের অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারক সৌদি আরবের গুরুত্বপূর্ণ পাইপলাইনে হামলা আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন উদ্বেগ তৈরি করতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন বাধাগ্রস্ত থাকার মধ্যে ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের নিরাপত্তা বিঘ্নিত হলে বিশ্ববাজারে সরবরাহ পরিস্থিতি আরও চাপে পড়তে পারে।