সীমান্তে বাংলাদেশিদের ‘ওৎ পেতে থাকার’ দাবি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর

বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশের আশঙ্কা প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ সীমান্তের ওপারে বাংলাদেশিরা ‘ওৎ পেতে বসে আছে’। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নজরদারিতে সামান্য শিথিলতা দেখালেই তারা ভারতে প্রবেশের চেষ্টা করতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।
রোববার দুপুরে হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের মাঠে অস্থায়ী হেলিপ্যাডে অবতরণের পর সড়কপথে বিএসএফ ক্যাম্পে যান শুভেন্দু অধিকারী। সেখানে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের সঙ্গে দীপাবলির আনন্দ ভাগ করে নেন তিনি। পরে বিএসএফের স্পিডবোটে ইছামতি নদীতে ঘোরেন মুখ্যমন্ত্রী।
নদী পরিদর্শন শেষে সাংবাদিকদের শুভেন্দু অধিকারী বলেন, দূরবীন দিয়ে তিনি সীমান্তের ওপারের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। আপাতদৃষ্টিতে সেখানে কিছু দেখা না গেলেও বাংলাদেশিরা সুযোগের অপেক্ষায় রয়েছে বলে তাঁর দাবি। বিএসএফের নজরদারি এড়িয়ে যাওয়ার সুযোগ পেলেই তারা সীমান্ত অতিক্রম করে ভারতে ঢোকার চেষ্টা করতে পারে বলে মন্তব্য করেন তিনি।
পরে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে তিনি বলেন, রাজ্যে অনুপ্রবেশকারীদের কোনো জায়গা দেওয়া হবে না। সীমান্তের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হবে। বিএসএফ ও পশ্চিমবঙ্গ পুলিশ যৌথভাবে ইতিমধ্যে কয়েক লাখ অনুপ্রবেশকারীকে রাজ্য থেকে বের করে দিয়েছে বলেও দাবি করেন তিনি।
শুভেন্দু অধিকারী আরও বলেন, সীমান্তের ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তল্লাশি অভিযান চলছে। অনুপ্রবেশকারীদের শনাক্ত করে বের করা হবে এবং এ বিষয়ে তাঁর কাছে সুনির্দিষ্ট সংখ্যাও রয়েছে বলে জানান তিনি।
এদিকে সীমান্ত সুরক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি দিতে আগামী বছর থেকে নতুন সম্মাননা চালুর ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী। ‘সীমামিত্র সম্মান’ নামের এই পুরস্কার পাবেন বিএসএফ, সশস্ত্র সীমা বল (এসএসবি) এবং পশ্চিমবঙ্গ পুলিশের সদস্যরা। কারা এই সম্মাননার জন্য নির্বাচিত হবেন, তা নির্ধারণ করবে একটি নির্বাচক কমিটি।
সূত্র: এনডিটিভি