হামের উপসর্গ নিয়ে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৪০

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৮৪ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৭৯ জন মারা গেছেন।
সোমবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনের তথ্য অনুযায়ী, রোববার (৮ নভেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মারা গেছেন। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৪০ জন।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৫৪৭ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৬০, সিলেটে ২০৫, বরিশালে ১৪১, খুলনায় ১০৪, ময়মনসিংহে ১০২, রাজশাহীতে ৫৩ এবং রংপুরে ২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ লাখ ১৪ হাজার ২৫১ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৫ হাজার ৩৮৩ জন।
এ সময়ে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ১৯৯ জনে। পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই শেষে তাঁদের মধ্যে ২৪ হাজার ৫২৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।