চীনা গুপ্তচরের সঙ্গে প্রেমের সম্পর্ক, স্ত্রী-পরিবারের কাছে ক্ষমা চাইলেন এনভিডিয়া প্রধান

বিশ্বের শীর্ষস্থানীয় এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং এক চীনা নারী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর কথা স্বীকার করেছেন। এ ঘটনায় স্ত্রী ও পরিবারের কাছে ক্ষমা চেয়ে নিজের কর্মীদের উদ্দেশে ইমেইল পাঠিয়েছেন তিনি। তবে ওই নারীর সঙ্গে সম্পর্কের পাশাপাশি জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট যে অভিযোগ উঠেছে, তা তদন্তাধীন।
মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের প্রকাশ করা ইমেইলে জেনসেন হুয়াং নিজের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ করেন। ‘আমাদের কোম্পানির উদ্দেশে একটি বার্তা’ শিরোনামের ওই ইমেইলে তিনি বলেন, স্ত্রী ও পরিবারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এবং তাঁর আচরণে তাঁরা কষ্ট পেয়েছেন। এ জন্য কোনো অজুহাত নেই বলেও উল্লেখ করেন তিনি।
ইমেইলে জেনসেন লেখেন, তাঁর পরিবার দীর্ঘদিন ধরে ভালোবাসা ও সমর্থন দিয়ে এসেছে। কিন্তু তিনি তাঁদের হতাশ করেছেন এবং একসঙ্গে গড়ে তোলা জীবনে আঘাত করেছেন। নিজের কাজের সম্পূর্ণ দায়ভার নিচ্ছেন তিনি। একই সঙ্গে স্ত্রী ও পরিবারের কাছে ক্ষমা চেয়ে ভবিষ্যতে তাঁদের বিশ্বাস ফিরে পাওয়ার আশাও প্রকাশ করেন।
এনভিডিয়ার কর্মী, পরিচালনা পর্ষদ, ব্যবসায়িক অংশীদার ও শেয়ারহোল্ডারদের উদ্দেশে তিনি বলেন, তাঁদের কাছ থেকে আরও ভালো কিছু প্রত্যাশিত ছিল। প্রতিষ্ঠানটির নেতৃত্ব দেওয়া তাঁর জন্য বড় সৌভাগ্যের বিষয় হলেও আস্থার যোগ্য হয়ে ওঠার দায়িত্ব পালনে তিনি ব্যর্থ হয়েছেন। তবে এনভিডিয়ার প্রতি নিজের অঙ্গীকার অব্যাহত রাখার কথাও জানান।
জাতীয় নিরাপত্তা নিয়ে সাম্প্রতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন প্রসঙ্গে জেনসেন বলেন, এনভিডিয়ার পরিচালনা পর্ষদ একটি নিরপেক্ষ তদন্ত শুরু করেছে। তিনি তদন্তকে সমর্থন করছেন এবং পূর্ণ সহযোগিতা করবেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও এনভিডিয়ার স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন
গত ২৯ অক্টোবর মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়, জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াং ওরফে হুয়াং লি নামের এক চীনা নারীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ওই নারী চীনের হয়ে গোয়েন্দা তৎপরতায় যুক্ত ছিলেন বলে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সন্দেহের কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, অ্যালিস হুয়াং সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার প্রতিষ্ঠান মেগাস্পিডের একজন নির্বাহী ছিলেন। তাঁর সঙ্গে জেনসেনের সম্পর্কের সূত্র ধরে এনভিডিয়ার উন্নত এআই চিপ ও গোয়েন্দা তথ্য চীনে পাচারের অভিযোগও তোলা হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা এখনো স্বাধীনভাবে প্রতিষ্ঠিত হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্রের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো অ্যালিস হুয়াংয়ের ওপর নজরদারি চালিয়েছিল। তিনি চীনের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটির (এমএসএস) হয়ে কাজ করছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের উন্নত এআই চিপ প্রযুক্তি সম্পর্কে তথ্য সংগ্রহ এবং এনভিডিয়াকে তাদের সর্বাধুনিক সেমিকন্ডাক্টর চিপ চীনের জন্য সহজলভ্য করতে প্রভাবিত করার চেষ্টা ছিল ওই গোয়েন্দা তৎপরতার সম্ভাব্য লক্ষ্য। তবে অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেনের পরিচয় কীভাবে বা কখন হয়েছিল, তা স্পষ্ট নয়।
মার্কিন আইনপ্রণেতাদের তদন্তের উদ্যোগ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে জেনসেন হুয়াং ও কথিত চীনা গোয়েন্দার যোগাযোগের বিষয়টি খতিয়ে দেখছেন আইনপ্রণেতারা।
গত বৃহস্পতিবার মার্কিন প্রতিনিধি পরিষদের চীনবিষয়ক বিশেষ কমিটি এক বিবৃতিতে জানায়, জেনসেন হুয়াংকে একটি চিঠি পাঠানো হয়েছে। এতে তাঁকে যৌথভাবে আয়োজিত রুদ্ধদ্বার ব্রিফিংয়ে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
কমিটির বিবৃতিতে বলা হয়, মেগাস্পিডের নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেনের যোগাযোগ এবং বিদেশি প্রতিপক্ষের গোয়েন্দা তৎপরতা ঠেকাতে এনভিডিয়ার নিরাপত্তাব্যবস্থা নিয়ে আইনপ্রণেতাদের উদ্বেগের কথা চিঠিতে তুলে ধরা হয়েছে।
এনভিডিয়ার নিরপেক্ষ তদন্ত শুরু
রোববার এক বিবৃতিতে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানায়, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেনসেন হুয়াং বিদেশি গোয়েন্দা তৎপরতার লক্ষ্যবস্তু হয়েছিলেন—এমন সাম্প্রতিক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে নিরপেক্ষ তদন্ত শুরু করা হয়েছে।
পর্ষদ বলেছে, জাতীয় নিরাপত্তা বা প্রতিষ্ঠানের গোপনীয় তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করার মতো কোনো তথ্য তাদের কাছে নেই। তবে তদন্তে এ-সংক্রান্ত সব উপলব্ধ তথ্য পর্যালোচনা করা হবে।
বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তা এনভিডিয়া এবং এর শেয়ারহোল্ডারদের স্বার্থের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। বাইরের নিরপেক্ষ আইনি উপদেষ্টাদের সহায়তায় স্বতন্ত্র পরিচালকদের একটি কমিটি তদন্ত তদারকি করবে। একই সঙ্গে পরিচালনা পর্ষদ জেনসেন হুয়াং ও তাঁর নেতৃত্বাধীন দলের প্রতি আস্থা প্রকাশ করেছে।
রোববার এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মন্তব্য করতে অস্বীকৃতি জানান। বিষয়টিকে তিনি অভ্যন্তরীণ করপোরেট বিষয় হিসেবে উল্লেখ করেন।
মেগাস্পিডের সঙ্গে লেনদেনকে স্বাভাবিক বলছে এনভিডিয়া
অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান মেগাস্পিডের বিরুদ্ধে বাইডেন প্রশাসনের শেষ দিকে মার্কিন বাণিজ্য বিভাগ তদন্ত শুরু করেছিল। অভিযোগ ছিল, প্রতিষ্ঠানটি মার্কিন রপ্তানি নিষেধাজ্ঞা এড়িয়ে চীনের কাছে এনভিডিয়ার এআই চিপ সরবরাহে সহায়তা করছে।
বিষয়টি প্রকাশ্যে আসার পর জেনসেন হুয়াং দাবি করেছিলেন, মেগাস্পিডের সঙ্গে এনভিডিয়ার ব্যবসায়িক সম্পর্ক ছিল স্বাভাবিক ও নিয়মসম্মত। প্রতিষ্ঠানটিকে সরবরাহ করা সব জিপিইউর ব্যবহার পর্যালোচনা এবং প্রতিটি ইউনিটের হিসাব রাখা হয়েছে বলেও জানান তিনি।
জেনসেনের ভাষ্য অনুযায়ী, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তাঁর যোগাযোগ চীনের অন্যান্য গ্রাহক ও নির্বাহীদের সঙ্গে সাধারণ ব্যবসায়িক যোগাযোগের মতোই ছিল। মেগাস্পিডের সঙ্গে সম্পর্কিত ওই যোগাযোগে অস্বাভাবিক কিছু ছিল না বলে দাবি করেন তিনি। তাঁর তথ্য অনুযায়ী, অ্যালিস বর্তমানে আর প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত নন।
অ্যালিস হুয়াং সম্পর্কে মার্কিন সরকারের সন্দেহের বিষয়টি তাঁকে জানানো হয়নি বলেও দাবি করেন এনভিডিয়ার প্রধান নির্বাহী।
সূত্র: এক্সিওস, নিউইয়র্ক টাইমস ও এনডিটিভি ওয়ার্ল্ড