দেশে ফিরতে বিদেশিদের কাছে ধর্না দিচ্ছেন কেন শেখ হাসিনা, প্রশ্ন রিজভীর

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে বিদেশি রাজনৈতিক ব্যক্তিদের কাছে সমর্থন চাইছেন কেন, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
তিনি বলেছেন, শেখ হাসিনা ভুল করেছেন, কিন্তু তাঁর মধ্যে কোনো অনুশোচনা নেই। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।
শেখ হাসিনার দেশে ফেরার চেষ্টা প্রসঙ্গে তিনি বলেন, বিদেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির কাছ থেকে সমর্থন আদায়ের চেষ্টা করছেন শেখ হাসিনা, যাতে দেশে ফিরলে তাঁর বিরুদ্ধে থাকা দণ্ড কার্যকর না হয়। এত দিন নানা কথা বললেও এখন কেন তাঁকে বিদেশিদের কাছে ধরনা দিতে হচ্ছে, সেই প্রশ্নও তোলেন রিজভী।
তিনি বলেন, শেখ হাসিনা পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করছেন কোন লজ্জায়? তিনি কি মনে করছেন, দেশে ফিরে আবার ফ্যাসিবাদ কায়েম করবেন আর দেশের মানুষ তা নীরবে দেখবে?
বিএনপির এই নেতা বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিয়ে তাঁকে কারাগারে আটকে রাখা হয়েছিল। তখন আওয়ামী লীগ নেতারা ও আইনমন্ত্রী বলতেন, আদালত ও আইন নিজস্ব গতিতে চলে। শেখ হাসিনার ক্ষেত্রেও আইন ও আদালত নিজস্ব গতিতে চলবে।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে রিজভী আরও বলেন, দেশে ফিরলে তাঁকে সংবর্ধনা জানাবে কে? আবু সাঈদের মা, মুগ্ধের বাবা কিংবা আহনাফের স্বজনেরা? যেসব পরিবারের সন্তানরা গুলিতে প্রাণ হারিয়েছেন, তাঁরা কি শেখ হাসিনাকে সংবর্ধনা জানাবেন?
তিনি বলেন, তরুণ, শিশু, রিকশাচালক ও শ্রমিকসহ অনেকে প্রাণ দিয়েছেন। তাঁদের রক্তের দাগ এখনো মুছে যায়নি। এসব আত্মত্যাগ ভুলে দেশে ফিরে আবার ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চিন্তা করলে শেখ হাসিনা ভুল করবেন।
আলোচনা সভায় ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে রিজভী বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সালের মধ্যে দেশে গণতন্ত্র সংকুচিত করা হয়েছিল। রাজনৈতিক দল নিষিদ্ধ এবং সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়। মাত্র চারটি সংবাদপত্র চালু রেখে অন্যগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি। মানুষের কথা বলা ও মতপ্রকাশের স্বাধীনতাও কেড়ে নেওয়া হয়েছিল বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।
রিজভীর ভাষ্য, মুক্তিযুদ্ধের অন্যতম মূল চেতনা ছিল গণতন্ত্র। পাকিস্তানি শাসকেরা সংখ্যাগরিষ্ঠ দলের হাতে ক্ষমতা হস্তান্তর করতে না চাওয়ায় এ দেশের মানুষ মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। অথচ স্বাধীনতার পর ক্ষমতায় আসা সরকারও জনগণের ওপর নির্যাতন চালায়। এ সময় রক্ষীবাহিনীর অত্যাচার ও নিপীড়নের ঘটনাও উল্লেখ করেন তিনি।
৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ প্রসঙ্গে রিজভী বলেন, ওই দিনের গণজাগরণের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতীয় রাজনীতির ক্ষমতার কেন্দ্রে আসেন। ৩ নভেম্বর তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল এবং ৭ নভেম্বর তিনি মুক্ত হন। পরবর্তী সময়ে তিনি আধুনিক সেনাবাহিনী গড়ে তোলার পাশাপাশি দেশকে উন্নয়ন ও উৎপাদনের পথে এগিয়ে নেন।
জিয়াউর রহমানের অর্থনৈতিক উদ্যোগের কথা তুলে ধরে রিজভী বলেন, তৈরি পোশাকশিল্পের বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা ছিল। প্রবাসে শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং তাঁদের পাঠানো রেমিট্যান্সকে দেশের অর্থনীতির অন্যতম ভিত্তি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রেও তাঁর অবদান রয়েছে।
তিনি আরও বলেন, খাল খননের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছিলেন জিয়াউর রহমান। তাঁর সময়ে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি চাল রপ্তানির পর্যায়েও পৌঁছেছিল বলে দাবি করেন রিজভী।
পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তিনি বলেন, জিয়াউর রহমান স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করতেন। দেশের স্বার্থ যেখানে রক্ষা হবে, সেখানেই বন্ধুত্বের নীতি গ্রহণ করেছিলেন তিনি। চীন, জাপান, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছিল।