হজযাত্রীদের সুযোগ-সুবিধা বাড়াতে বাংলাদেশ-সৌদি আরবের বৈঠক

অন্য দেশগুলোর অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেওয়ার বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছে সৌদি আরব। কোনো দেশ নির্ধারিত হজ কোটা পূরণ করতে না পারলে বা পুরো কোটা ব্যবহার না করলে সেই অংশ বাংলাদেশকে বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে দেশটি।
বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা বাড়ানো এবং হজ ও ওমরাহ পালনকারীদের সুযোগ-সুবিধা আরও সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে এ আশ্বাস দেওয়া হয়।
শনিবার (১৪ নভেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ৯ নভেম্বর সন্ধ্যায় সৌদি আরবের জেদ্দায় ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরের প্রাক্কালে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। সৌদি আরবের পক্ষে নেতৃত্ব দেন দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ।
বৈঠকে ধর্মমন্ত্রী সৌদি আরবের নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানান এবং হজ ব্যবস্থাপনায় দেশটির সরকারের উদ্যোগ ও সেবার প্রশংসা করেন। বাংলাদেশি হজযাত্রীদের প্রতি সৌদি সরকারের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে দুই দেশের মধ্যে যোগাযোগ, সমন্বয় ও তথ্য বিনিময় আরও জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।
কাজী শাহ মোফাজ্জাল হোসাইন আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও সৌদি আরবের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আগামী দিনে আরও গভীর হবে।
সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ধন্যবাদ জানিয়ে বাংলাদেশি হজযাত্রীদের জন্য সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। পাশাপাশি হজসংক্রান্ত বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে সৌদি মন্ত্রী বলেন, বাংলাদেশের জন্য যা যা করা প্রয়োজন, তাঁরা তা করবেন। হজ ব্যবস্থাপনা, ওমরাহ এবং সংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও বাড়ানোর বিষয়েও আগ্রহ জানান তিনি।
বৈঠকে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মানাখারাহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবন দাফের ইবন উবাইয়া এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন, জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম ও কনসাল (হজ) মো. মাজহারুল ইসলাম।