হিমবাহের বরফ গলা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশ

হিমবাহ ও মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক উদ্যোগ ‘অ্যাম্বিশন অন মেল্টিং আইস’ (এএমআই)-তে যোগ দিয়েছে বাংলাদেশ। এ উদ্যোগে ২৬তম দেশ হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশ।
শনিবার (১৪ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) সম্মেলনস্থলে বাংলাদেশ সরকারের পক্ষে এএমআই উদ্যোগে অন্তর্ভুক্তির আনুষ্ঠানিক ঘোষণাপত্রে স্বাক্ষর করেন প্রতিমন্ত্রী। এ সময় উদ্যোগটির সেক্রেটারিয়েটের পরিচালক ড. প্যাম পিয়ারসন উপস্থিত ছিলেন।
শেখ ফরিদুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, বৈশ্বিক উষ্ণায়নের কারণে হিমবাহ ও মেরু অঞ্চলের বরফ গলার ঝুঁকি কমানো এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো দীর্ঘমেয়াদি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে বাংলাদেশ এ উদ্যোগে যুক্ত হয়েছে।
তিনি আরও বলেন, হিমবাহের বরফ গলার ঝুঁকি মোকাবিলা এবং বৈশ্বিক জলবায়ু সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে বাংলাদেশের এ অংশগ্রহণ গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে হিমবাহ ও বরফস্তর দ্রুত পরিবর্তিত হচ্ছে। এর ফলে জলবায়ুর ভারসাম্য, পানিসম্পদের প্রাপ্যতা, জীববৈচিত্র্য ও পরিবেশগত নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। পাশাপাশি মেরু অঞ্চলের স্থলভাগের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ায় উপকূলীয় ও নিম্নভূমির দেশগুলো ক্রমবর্ধমান ঝুঁকিতে রয়েছে। ঘনবসতিপূর্ণ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের জন্যও বিষয়টি বিশেষ উদ্বেগের।
এএমআইতে যোগ দেওয়ার ফলে হিমবাহের বরফ গলা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির পারস্পরিক সম্পর্ক, এর বৈশ্বিক ও আঞ্চলিক প্রভাব এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোর স্বার্থ আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার সুযোগ তৈরি হবে বলে আশা করছে সরকার।
জলবায়ু পরিবর্তনের প্রভাব কোনো নির্দিষ্ট দেশ বা অঞ্চলে সীমাবদ্ধ নয়। মেরু অঞ্চল ও পার্বত্য এলাকার হিমবাহে পরিবর্তনের প্রভাব বিশ্বের বিভিন্ন দেশের পরিবেশ, অর্থনীতি ও জনজীবনে পড়ছে। এ সংকট মোকাবিলায় বৈশ্বিক সমন্বয়, বিজ্ঞানভিত্তিক নীতিনির্ধারণ, কার্যকর প্রশমন ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদি আন্তর্জাতিক সহযোগিতা জরুরি।
বাংলাদেশ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় জলবায়ু ন্যায়বিচার, অভিযোজন, জলবায়ু অর্থায়ন, ক্ষয়ক্ষতি মোকাবিলা ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষার বিষয়গুলো তুলে ধরে আসছে। এএমআইতে যোগ দেওয়ার মধ্য দিয়ে বৈশ্বিক জলবায়ু সুরক্ষার প্রচেষ্টায় বাংলাদেশের অংশগ্রহণ আরও বিস্তৃত হলো।