চিকিৎসকদের রাজনীতির বাইরে রাখার আহ্বান মির্জা আব্বাসের

চিকিৎসকদের যেন আর কখনো রাজনৈতিক পরিচয়ের কারণে হয়রানি বা বিভাজনের শিকার হতে না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।
তিনি বলেছেন, চিকিৎসকদের পেশাগত পরিচয়ই প্রধান হওয়া উচিত। তাঁদের রাজনৈতিক পরিচয়ে চিহ্নিত না করে চিকিৎসক হিসেবেই কাজ করার সুযোগ দিতে হবে। এ নীতি শুধু বিএনপির ক্ষেত্রে নয়, যেকোনো সরকারের সময়ই প্রযোজ্য হওয়া উচিত।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ‘আজকে বলা হয় বিএনপির ডাক্তার। মেডিকেল বইয়ে কি লেখা আছে বিএনপির বই? লেখা তো নেই। সুতরাং ডাক্তার তো ডাক্তারই। ডাক্তারদের যেন আমরা ডাক্তারই থাকতে দিই, তাঁদের যেন আর রাজনীতিতে না টানি। আমাদের বেলায়ও যেমন এটি প্রযোজ্য, ঠিক যেকোনো সরকারের বেলায়ও তা প্রযোজ্য হওয়া উচিত।’
দেশের চিকিৎসকদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, দুই দশক আগে যাঁদের চিকিৎসক হিসেবে দেখা গেছে, তাঁদের অনেকেই এখন আর কর্মক্ষেত্রে নেই। তবে তাঁদের অবদান অস্বীকার করার সুযোগ নেই। দেশে অতীতেও ভালো চিকিৎসক ছিলেন, এখনো আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
দেশের চিকিৎসাসেবার মান নিয়ে কথা বলতে গিয়ে মির্জা আব্বাস বলেন, বাংলাদেশের চিকিৎসকেরা এখনো এতটা খারাপ হয়ে যাননি যে তাঁদের ওপর আস্থা রাখা যাবে না। তবে ভালো হাসপাতালের অভাব ও চিকিৎসাব্যবস্থার প্রতি আস্থার সংকট রয়েছে। অনেক সময় পরিবারের চাপেও মানুষ বিদেশে চিকিৎসা নিতে যান।
তিনি বলেন, দেশের অনেকেই জানেন না যে বাংলাদেশেও উন্নত চিকিৎসাসেবা পাওয়া সম্ভব। এ বিষয়ে মানুষকে জানাতে হবে এবং দেশে ভালো চিকিৎসক তৈরির পাশাপাশি তাঁদের দক্ষতা ও সুনাম তুলে ধরতে হবে। বাংলাদেশের চিকিৎসকেরা বিদেশেও সুনামের সঙ্গে কাজ করছেন বলে মন্তব্য করেন তিনি।