কাউকে এককভাবে দোষ দিতে চান না হামজা, বললেন ‘হৃদয়বিদারক’

২০০৫ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। ২১ বছর পর সেই সেমিফাইনালেই উল্টো চিত্র দেখল দেশের ফুটবল। ২০২৬ সালের সাফের শেষ চারে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল হজম করে পাওয়া এই পরাজয় মেনে নিতে কষ্ট হচ্ছে হামজা দেওয়ান চৌধুরীর। তবে হারের জন্য কোনো একজনকে দায়ী করতে রাজি নন বাংলাদেশের এই তারকা মিডফিল্ডার।
ম্যাচ শেষে জাতীয় স্টেডিয়ামের মিক্সড জোনে নিজের হতাশার কথা জানান হামজা। সমর্থক ও পুরো দেশের মানুষের কষ্টের কথা তুলে ধরে তিনি বলেন, ‘এটা ভীষণ, ভীষণ হৃদয়বিদারক। শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও পুরো জাতির জন্যও এটা অনেক বড় কষ্টের। কিন্তু আল্লাহর রহমত, আর কী বলব!’
পাকিস্তানের কাছে হারের পর সমর্থকদের দুয়োধ্বনি শুনতে হয়েছে বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণকে। তাঁর থ্রো থেকে বল পেয়ে আক্রমণে উঠে গোল করেন পাকিস্তানের আব্দুল সামাদ। এ কারণে অনেক সমর্থকই গোলটির জন্য শ্রাবণকে দায়ী করছেন। তবে হামজা মনে করেন, দলীয় খেলায় একজনকে আলাদাভাবে দোষারোপ করা ঠিক নয়।
তিনি বলেন, ‘এভাবে কেউ কাউকে এককভাবে দোষ দিতে পারে না। আমরা ১১ জন মিলে খেলেছি, প্রতিপক্ষও ১১ জন ছিল। তাই ব্যক্তিগতভাবে কাউকে দোষারোপ করতে পারি না।’
বিরতির পর পাকিস্তান খেলার কৌশলে পরিবর্তন এনেছিল বলেও মনে করেন হামজা। তাঁর মতে, দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ খুব বেশি গোলের সুযোগ তৈরি করতে না পারলেও পাওয়া একমাত্র সুযোগটি কাজে লাগিয়েছে।
ম্যাচে বাংলাদেশের সামনেও গোল করার একাধিক সুযোগ এসেছিল। প্রথমার্ধে একটি শট পোস্টে লেগে ফিরে আসে। দ্বিতীয়ার্ধেও সুকি ইতোফুসা ও ফারহান আলীরা সুযোগ কাজে লাগাতে পারেননি। তবে সুযোগ তৈরি করেও গোল না পাওয়াকে ফুটবলেরই অংশ হিসেবে দেখছেন হামজা।
তিনি বলেন, ‘হাফটাইমে তারা নিজেদের গেম প্ল্যান পরিবর্তন করেছে। এরপরও তারা মাত্র একটি সুযোগ তৈরি করতে পেরেছে এবং সেখান থেকেই গোল করেছে। এটাই তো ফুটবল, তাই না?’