১৩৭ রানের ইনিংসে হৃদয়ের প্রশংসায় পঞ্চমুখ রাবাদা

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টে ১০ উইকেট নিয়ে দুর্দান্ত ছন্দে ছিলেন কাগিসো রাবাদা। জোহানেসবার্গে বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ারের ৭৬তম টেস্ট খেলতে নেমে আরও একটি অনন্য কীর্তি গড়েছেন দক্ষিণ আফ্রিকার এই পেসার। ম্যাচের প্রথম বলেই উইকেট পেয়েছেন তিনি। টেস্ট ক্যারিয়ারে এই প্রথম এমন অভিজ্ঞতা হলো তার।
ম্যাচের প্রথম বল করার আগে নিজের মনকে একটি বিষয়ই মনে করিয়ে দিচ্ছিলেন রাবাদা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘শর্ট আর ওয়াইড না, শর্ট আর ওয়াইড না।’ শেষ পর্যন্ত সেই ভাবনা কাজে এসেছে। বাংলাদেশের মাহফিজুল ইসলাম রবিনকে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারের ৩৫১তম উইকেটটি তুলে নেন তিনি।
তবে ওয়ান্ডারার্সে এরপর যা ঘটেছে, তা দক্ষিণ আফ্রিকার জন্য খুব একটা নতুন নয়। রাবাদার দুর্দান্ত বোলিংয়ে ১২১ রানে ৫ উইকেট হারিয়েও ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দলীয় সংগ্রহে যোগ করেছে নিজেদের টেস্ট ইতিহাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ রান। তাওহীদ হৃদয় ও লিটন দাস গড়েছেন দক্ষিণ আফ্রিকার মাটিতে রেকর্ড ২০৬ রানের জুটি।
বাংলাদেশের এমন ঘুরে দাঁড়ানোকে অস্বাভাবিক মনে করছেন না রাবাদা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সাম্প্রতিক সিরিজের উদাহরণ টেনে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টেই তো এমন কিছু হয়েছিল। আমরা তাদের ১২০ (১২৪) রানে ৬ উইকেট নিয়েছিলাম। তারা ৩০০ রানের বেশি করে থেমেছিল। আমার মনে হয়, এখানেও একই অবস্থা।’
ছয় সপ্তাহেরও কম সময় আগে কিংসমিডে প্রথম টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে ধস নামিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে শেষ পর্যন্ত ৩৯০ রান করেছিল অস্ট্রেলিয়া। এবার ওয়ান্ডারার্সে দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩২৭ রান।
হৃদয় ও লিটনের ২০০ রানের বেশি জুটি হতে পারে, এমনটা ভাবেননি রাবাদা। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের পর দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের মধ্যে আত্মতুষ্টি কাজ করছে, এমন ধারণাও উড়িয়ে দিয়েছেন তিনি।
দিনের শেষ বলে ১৩৭ রান করে আউট হওয়া তাওহীদ হৃদয়ের ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছেন রাবাদা। দক্ষিণ আফ্রিকার মাটিতে লাল বলের ক্রিকেটে এটি হৃদয়ের দ্বিতীয় ইনিংস। এর আগে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে পচেফস্ট্রুমে ৩৫০ রানে অপরাজিত ছিলেন তিনি।
হৃদয়ের প্রশংসা করে রাবাদা বলেন, ‘সে সত্যিই ভালো খেলেছে। আমরা তাকে থামাতে সর্বোচ্চ চেষ্টা করেছি। আমরা পেরেছি। আর কী বলার আছে? ওকে অভিনন্দন।’
ওয়ান্ডারার্সের উইকেটে ব্যাটিংয়ের সুবিধার কথাও তুলে ধরেছেন এই প্রোটিয়া পেসার। তার মতে, এ মাঠে বল ব্যাটে ভালোভাবে আসে বলে বাউন্ডারি হাঁকানো এবং দ্রুত রান তোলা তুলনামূলক সহজ।
রাবাদা বলেন, ‘ওয়ান্ডারার্সে এমনটাই হয়। এখানে বাউন্ডারি বের করা এবং বেশি রান রেটে রান তোলা সহজ, কারণ বল ব্যাটে ভালোভাবে আসে। এখানে ৪০ রানের (২২ রান) মধ্যে তারা ৩ উইকেট হারিয়েছে। পরে বেশ ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে। তাদের কৃতিত্ব দিতে হবে। দারুণ শৃঙ্খলাবদ্ধ ব্যাটিং করেছে তারা।’
উইকেটের খুব বেশি পরিবর্তন হয়নি উল্লেখ করে তিনি বলেন, নতুন বল কাজে লাগাতে পারলেও পুরোনো বলে বাংলাদেশি ব্যাটারদের আউট করতে বেশ বেগ পেতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। পুরো দিন উইকেট প্রায় একই রকম ছিল এবং বাংলাদেশের ব্যাটাররা দারুণ লড়াই করেছেন।