মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লিপ বাম ব্যবহারে ঠোঁটের শুষ্কতা বাড়ছে কি না বুঝবেন যেভাবে ইসরায়েলের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হলেন আরব নেতা আহমেদ তিবি খাজার আত্মজীবনীতে নতুন করে উত্তাল অস্ট্রেলিয়ান ক্রিকেট, পাশে নেই কামিন্স পাচার হওয়া অর্থ ফেরাতে ফৌজদারি মামলায় লাগতে পারে ১০ বছর গ্রামের সবাই তারকাদের সঙ্গে চ্যাট করে, ৮০ লাখ ভিউয়ের ‘ইনস্টাগ্রাম’ অপ্রয়োজনে সিজারিয়ান নিরুৎসাহিত করার পরামর্শ সংসদীয় সাব কমিটির ৫১ মেডিকেল সেন্টারে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা, ফি নির্ধারণ সিলেট ও চট্টগ্রামে মডেল টি এস্টেট গড়তে আগ্রহী যুক্তরাজ্য-পর্তুগালের প্রতিনিধিদল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৬৮২ তেজগাঁও থানায় অবস্থানকালে ফোনে হত্যার হুমকি পেলেন মাহমুদা মিতু
  • ইসরায়েলের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হলেন আরব নেতা আহমেদ তিবি

    ইসরায়েলের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হলেন আরব নেতা আহমেদ তিবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন আরবদের নিয়ে গঠিত জয়েন্ট লিস্ট জোটের চেয়ারম্যান আহমেদ তিবি। গত ২৭ অক্টোবরের নির্বাচনে ১১টি আসন পাওয়া জোটের জন্য এই পদ অর্জনকে ‘ন্যায্য’ বলে মন্তব্য করেছেন তিনি।

    আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তা'আল পার্টির এই শীর্ষ নেতা বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির তাঁকে ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়া থেকে ঠেকানোর চেষ্টা করেছিলেন। তবে তাঁদের ‘বেপরোয়া উসকানি’ সত্ত্বেও সেই চেষ্টা সফল হয়নি। নেসেটের সব কমিটিতেই জয়েন্ট লিস্টের প্রতিনিধিত্ব থাকবে বলেও জানান তিনি।

    এদিকে সোমবার নেসেটের একটি কমিটি জানিয়েছে, ডানপন্থী ইসরায়েল বেইতেনু পার্টির নেতা অ্যাভিগদার লিবারম্যান পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক ও প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

    ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী জয়েন্ট লিস্ট ও ইউনাইটেড আরব লিস্ট (রাআম) গত মাসের নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। দল দুটি মিলিয়ে নেসেটে ১৯টি আসন পেয়েছে। চলতি মাসে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ পরবর্তী সরকার গঠনের দায়িত্ব দেওয়ার পর জোটটি গাদি আইজেনকটকে সমর্থন জানিয়েছে।

    পার্লামেন্টে প্রতিনিধিত্ব বাড়ার পর ফিলিস্তিনিদের নেতৃত্বাধীন দলগুলো নিজেদের সম্প্রদায়ের প্রতি বৈষম্যসহ বিভিন্ন সমস্যা মোকাবিলায় এই প্রতিনিধিত্ব কাজে লাগানোর দিকে মনোযোগ দিচ্ছে।

    এর আগে রোববার নেতানিয়াহু ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ফৌজদারি তদন্তের দাবি জানান আহমেদ তিবি। পার্লামেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর তিনি নেতানিয়াহু ও তাঁর সহযোগীদের ‘মাফিয়াদের মতো আচরণের’ অভিযোগ করেন।

    ইসরায়েলের সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২-এর তথ্য অনুযায়ী, ২৭ অক্টোবরের নেসেট নির্বাচনের আগে নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নরডেন পুলিশ কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করেন। তিনি অভিযোগ করেন, দক্ষিণ ইসরায়েলে রাআম পার্টির তিন কর্মীর কাছে বিপুল পরিমাণ নগদ অর্থ ও ভাউচার রয়েছে। ভোটারদের প্রভাবিত করতে এগুলো ব্যবহার করা হতে পারে বলেও অভিযোগ করেন তিনি।

    পুলিশের একটি গোয়েন্দা সূত্রের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়। সূত্রটি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক একজন কর্মী। তবে গ্রেপ্তারের আগে পুলিশ তাঁদের বাড়িতে অভিযান চালায়। সে সময় বৈধ তল্লাশি বা গ্রেপ্তারি পরোয়ানা ছিল না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিবি বলেন, ‘নেতানিয়াহুও আইনের ঊর্ধ্বে নন, অন্য কেউও নন।’ একই পোস্টে তিনি নেতানিয়াহু ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ফৌজদারি তদন্তের দাবি জানান।

    ১৯৯৯ সালে প্রথমবার ইসরায়েলের নেসেটের সদস্য নির্বাচিত হন আহমেদ তিবি। ২০০৬ থেকে ২০২২ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তিনি পার্লামেন্টের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন