মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লিপ বাম ব্যবহারে ঠোঁটের শুষ্কতা বাড়ছে কি না বুঝবেন যেভাবে ইসরায়েলের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হলেন আরব নেতা আহমেদ তিবি খাজার আত্মজীবনীতে নতুন করে উত্তাল অস্ট্রেলিয়ান ক্রিকেট, পাশে নেই কামিন্স পাচার হওয়া অর্থ ফেরাতে ফৌজদারি মামলায় লাগতে পারে ১০ বছর গ্রামের সবাই তারকাদের সঙ্গে চ্যাট করে, ৮০ লাখ ভিউয়ের ‘ইনস্টাগ্রাম’ অপ্রয়োজনে সিজারিয়ান নিরুৎসাহিত করার পরামর্শ সংসদীয় সাব কমিটির ৫১ মেডিকেল সেন্টারে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা, ফি নির্ধারণ সিলেট ও চট্টগ্রামে মডেল টি এস্টেট গড়তে আগ্রহী যুক্তরাজ্য-পর্তুগালের প্রতিনিধিদল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৬৮২ তেজগাঁও থানায় অবস্থানকালে ফোনে হত্যার হুমকি পেলেন মাহমুদা মিতু
  • সিলেট ও চট্টগ্রামে মডেল টি এস্টেট গড়তে আগ্রহী যুক্তরাজ্য-পর্তুগালের প্রতিনিধিদল

    সিলেট ও চট্টগ্রামে মডেল টি এস্টেট গড়তে আগ্রহী যুক্তরাজ্য-পর্তুগালের প্রতিনিধিদল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে যুক্তরাজ্য ও পর্তুগালের ১১ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। প্রতিনিধিদলটি বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামে আধুনিক প্রযুক্তিনির্ভর আন্তর্জাতিক মানের মডেল টি এস্টেট স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে।

    সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ‘গ্লোবাল ফেয়ার পে ফাউন্ডেশন ও লন্ডন টি এক্সচেঞ্জ’-এর চেয়ারম্যান প্রফেসর শেখ আলিউর রহমান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এতে পর্তুগালের প্রিন্সেস ও কোইম্ব্রার ডাচেস মারিয়া ফ্রান্সিসকা এবং কোইম্ব্রার ডিউক দুয়ার্তে মারিয়া দে সুসা আরাউজো মার্তিন্সও উপস্থিত ছিলেন। এ সময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    সাক্ষাতে প্রতিনিধিদলের সদস্যরা যুক্তরাজ্য ও পর্তুগালে বসবাসরত বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বাংলাদেশের মানুষের আতিথেয়তা, বন্ধুত্বপূর্ণ আচরণ, প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনার কথাও তুলে ধরেন।

    পর্তুগালের প্রিন্সেস মারিয়া ফ্রান্সিসকা বলেন, পর্তুগালে বসবাসরত বাংলাদেশিরা অত্যন্ত বন্ধুবৎসল ও আন্তরিক। দেশটির জাতীয় উৎসবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজনে তাঁরা উৎসাহের সঙ্গে অংশ নেন। সংগীত ও গানের পরিবেশনার মাধ্যমে পর্তুগালের সাংস্কৃতিক বৈচিত্র্য সমৃদ্ধ করতেও ভূমিকা রাখেন বাংলাদেশিরা।

    বাংলাদেশ ও যুক্তরাজ্যের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে প্রফেসর শেখ আলিউর রহমান বলেন, দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ক আরও জোরদার ও পুনরুজ্জীবিত করতে তাঁরা আগ্রহী। বাংলাদেশের চায়ের গুণগত মান ভালো এবং আন্তর্জাতিক বাজারে এ পণ্যের ব্যাপক সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

    শেখ আলিউর রহমান জানান, সিলেট ও চট্টগ্রামে আধুনিক প্রযুক্তিনির্ভর আন্তর্জাতিক মানের মডেল টি এস্টেট স্থাপনের বিষয়ে তাঁদের আগ্রহ রয়েছে। এ ধরনের প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় প্রযুক্তিগত বিষয়গুলোও প্রতিনিধিদলের পক্ষ থেকে ডেপুটি স্পিকারকে তুলে ধরা হয়।

    ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, চা বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। ঐতিহাসিকভাবেই এ দেশের মানুষ চা পছন্দ করে। ব্রিটিশদের হাত ধরে বাংলাদেশে চা সংস্কৃতির ব্যাপক বিস্তার ঘটেছে। দেশের রাজনীতিতেও এক কাপ চায়ের বিশেষ গুরুত্ব রয়েছে। বিশেষ করে নির্বাচনের আগে রাজনৈতিক আলোচনা ও মতবিনিময়ে চায়ের আড্ডা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    দেশের চা শিল্পের উন্নয়নের পাশাপাশি চা শ্রমিকদের ন্যায্য মজুরি ও মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন ডেপুটি স্পিকার। তিনি বলেন, চা শ্রমিকদের অনেকেই এখনো শিক্ষা ও অন্যান্য মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাই নতুন টি এস্টেট স্থাপনের ক্ষেত্রে শুধু বাণিজ্যিক স্বার্থ বিবেচনা করলে হবে না। শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক, শিক্ষা, স্বাস্থ্যসেবা, আবাসন ও সামাজিক নিরাপত্তাসহ টেকসই ব্যবস্থাপনাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

    সাক্ষাতে বাংলাদেশের চা শিল্পের আধুনিকায়নের পাশাপাশি বাংলাদেশ, যুক্তরাজ্য ও পর্তুগালের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন