পাকিস্তান আমলের চেয়েও গত ১৭ বছরে অর্থনীতির বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: পার্থ

পাকিস্তান আমলে ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের যত ক্ষতি হয়নি, গত ১৭ বছরে আওয়ামী লীগ তার চেয়েও বেশি অর্থনৈতিক ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। তাঁর অভিযোগ, আওয়ামী লীগ দেশের অর্থনীতি, রাজনীতি ও সামগ্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এখন সেখান থেকেই নতুন করে শুরু করতে হচ্ছে।
সোমবার (১৬ নভেম্বর) সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের নির্বাহী কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আন্দালিব রহমান পার্থ বলেন, ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান আমলে দেশের যতটা ক্ষতি হয়নি, গত ১৭ বছরে আওয়ামী লীগ অর্থনীতির ততটাই বেশি ক্ষতি করেছে। দলটি রাজনীতিবিদ হওয়ার পরিবেশ বন্ধ করে দিয়েছে এবং পুরো ব্যবস্থাকে অচল করে দিয়েছে। সবকিছু ধ্বংস করে দেওয়ার পর এখন সেখান থেকে আবার কাজ শুরু করতে হচ্ছে।
সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, তিন বছর আগে একটি স্ট্যাটাস লেখার পর সাংবাদিকদের কতবার তা মুছে ফেলতে হয়েছে, কিংবা কোনো শব্দ ব্যবহারের আগে কতবার ভেবেছেন—এমন প্রশ্ন রয়েছে। তাঁর দাবি, বর্তমান সরকার গণমাধ্যমের কাজে হস্তক্ষেপ করছে না; বরং সহযোগিতা চায়, যাতে মানুষ বিভ্রান্ত বা ভিন্নভাবে পরিচালিত না হয়।
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের প্রতিশ্রুতি সরকারের
মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বাক্স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকার দায়িত্ব নেওয়ার পর গত আট-নয় মাসে কোনো গুম বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি। এসব ইতিবাচক পরিবর্তন গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। কোনো সংবাদ প্রকাশ বা বর্জনের জন্য সরকার কিংবা সরকারি কোনো সংস্থা গণমাধ্যমের ওপর চাপ প্রয়োগ করে না।
সাংবাদিকদের স্বাধীনভাবে ও খোলামনে সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, সংবাদ হতে হবে বাস্তবভিত্তিক ও দায়িত্বশীল।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার গণতন্ত্রে বিশ্বাস করে এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত ও সমুন্নত রাখতে কাজ করছে। এ ক্ষেত্রে গণমাধ্যমের দায়িত্ব ও অবদান গুরুত্বপূর্ণ। জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে গণমাধ্যম যে ভূমিকা রেখেছে, তা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় গণমাধ্যমের সহযোগিতাও প্রত্যাশা করেন প্রতিমন্ত্রী।
মতবিনিময় সভায় বক্তব্য দেন অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক ও রাজনীতি ডটকমের সম্পাদক শরিফুজ্জামান পিন্টু, সদস্য সচিব ও ঢাকা স্ট্রিমের সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ, প্রধান পৃষ্ঠপোষক ও সোনালী নিউজের প্রকাশক মোহাম্মদ ইউনূছ। এ ছাড়া বক্তব্য দেন ফোরামের সদস্য ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুণ জামিল, খবরের সংযোগের সম্পাদক নজরুল ইসলাম, দেশ সমাচারের সম্পাদক শাহাদাত হোসেন, রাইজিং বিডির নির্বাহী সম্পাদক তাপস রায় ও জাগো নিউজের সম্পাদক কে. এম. জিয়াউল হক।