মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লিপ বাম ব্যবহারে ঠোঁটের শুষ্কতা বাড়ছে কি না বুঝবেন যেভাবে ইসরায়েলের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হলেন আরব নেতা আহমেদ তিবি খাজার আত্মজীবনীতে নতুন করে উত্তাল অস্ট্রেলিয়ান ক্রিকেট, পাশে নেই কামিন্স পাচার হওয়া অর্থ ফেরাতে ফৌজদারি মামলায় লাগতে পারে ১০ বছর গ্রামের সবাই তারকাদের সঙ্গে চ্যাট করে, ৮০ লাখ ভিউয়ের ‘ইনস্টাগ্রাম’ অপ্রয়োজনে সিজারিয়ান নিরুৎসাহিত করার পরামর্শ সংসদীয় সাব কমিটির ৫১ মেডিকেল সেন্টারে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা, ফি নির্ধারণ সিলেট ও চট্টগ্রামে মডেল টি এস্টেট গড়তে আগ্রহী যুক্তরাজ্য-পর্তুগালের প্রতিনিধিদল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৬৮২ তেজগাঁও থানায় অবস্থানকালে ফোনে হত্যার হুমকি পেলেন মাহমুদা মিতু
  • জানুয়ারিতে শুরু ইউপি নির্বাচন, পাঁচ ধাপে ভোটের পরিকল্পনা ইসির

    জানুয়ারিতে শুরু ইউপি নির্বাচন, পাঁচ ধাপে ভোটের পরিকল্পনা ইসির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের ৪ হাজার ২৯০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপের ভোট আগামী ২১ জানুয়ারির আশপাশে আয়োজনের কথা ভাবছে কমিশন। এদিকে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে এ সংলাপ শেষ করার পরিকল্পনা রয়েছে।

    সোমবার (১৬ নভেম্বর) কমিশন সভা শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

    তিনি জানান, পাঁচ ধাপে ইউপি নির্বাচনের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোট হতে পারে। দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

    পঞ্চম ধাপে ইচ্ছাকৃতভাবে ইউনিয়নের সংখ্যা কম রাখা হয়েছে জানিয়ে সানাউল্লাহ বলেন, আইনি জটিলতা বা অন্য কোনো কারণে যেসব ইউনিয়নে নির্বাচন আটকে আছে, সেগুলো পরে এ ধাপে যুক্ত করা যাবে। কোন কোন ইউনিয়নে নির্বাচন হবে, তার বিস্তারিত তালিকা আগামী বৃহস্পতিবার ইসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

    রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ

    ইউপি নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে কমিশন। এ মাসের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে তিন দিনে নিবন্ধনের ক্রমানুসারে দলগুলোকে আলোচনায় আমন্ত্রণ জানানো হবে।

    সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেভাবে সংলাপ হয়েছিল, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখেও একইভাবে আলোচনা করতে চায় কমিশন। আগামী ১০ ডিসেম্বরের আগেই সংলাপ শেষ করার পরিকল্পনা রয়েছে। এতে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

    প্রথম ধাপের নির্বাচনের সময়সূচি সম্পর্কে তিনি বলেন, ২১ জানুয়ারিকে কেন্দ্র করে ভোটের পরিকল্পনা করা হয়েছে। এ তারিখ থেকে ৫০ দিন আগে বা পরে ভোটের সময় নির্ধারণ করতে পারবেন জেলা নির্বাচন কর্মকর্তারা। তবে কোন ইউনিয়নে ঠিক কবে ভোট হবে, তা বৃহস্পতিবারের মধ্যে প্রকাশ করা হবে।

    স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা বা রাজনৈতিক পরিস্থিতিতে প্রভাব পড়ার আশঙ্কা করছেন কি না, এমন প্রশ্নের জবাবে সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচন পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে কমিশন মনে করে না। বরং কোনো কোনো ক্ষেত্রে এ নির্বাচন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সহায়তা করতে পারে।

    তফসিল ঘোষণার দিনের আইনেই হবে নির্বাচন

    নির্বাচন আইন সংশোধনে কমিশনের সুপারিশ থাকলেও আসন্ন নির্বাচন কোন আইনে হবে, জানতে চাইলে সানাউল্লাহ বলেন, তফসিল ঘোষণার দিন যে আইন কার্যকর থাকবে, সেই আইন অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।

    স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি কোনো রাজনৈতিক দল জানিয়েছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, এ ধরনের কোনো দাবি এখনো কমিশনের কাছে আসেনি। জাতীয় নির্বাচন নিয়ে সেনা মোতায়েনের বিষয়ে আলোচনা হয়েছিল। প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে।

    নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সুষ্ঠু ভোট আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসংখ্যা ও কার্যকারিতা বিবেচনা করবে কমিশন। কোনো এলাকায় সংশ্লিষ্ট বাহিনী দায়িত্ব পালনে কতটা সক্ষম এবং নির্বাচনী পরিবেশ বজায় রাখতে পারছে কি না, তা পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

    স্মার্ট কার্ড ছাপায় সফটওয়্যার জটিলতা

    কমিশন সভায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা ও স্মার্ট কার্ড ছাপানোর কাজের সমস্যাগুলো নিয়েও আলোচনা হয়েছে। গত চার-পাঁচ দিন ধরে স্মার্ট কার্ড ছাপানোর সফটওয়্যারে সমস্যা দেখা দিয়েছে বলে জানান সানাউল্লাহ। তবে এতে এনআইডির কোনো সেবা বন্ধ নেই বলে দাবি করেন তিনি।

    তিনি বলেন, এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড ছাপানো বন্ধ হয়নি। স্মার্ট কার্ডের সফটওয়্যারে যে সমস্যা দেখা দিয়েছে, সেটির কারণ অনুসন্ধান করা হচ্ছে। দ্রুতই সমস্যার সমাধান হবে বলে আশা করছে কমিশন।

    কারও এনআইডি অনুমোদিত হলে তিনি নিজেই ওয়েবসাইট থেকে সেটি প্রিন্ট করে ল্যামিনেট করে ব্যবহার করতে পারবেন বলেও জানান তিনি।

    এনআইডি সেবার চুক্তি নবায়ন না হওয়া এবং অতীতের অডিট আপত্তি নিয়েও কমিশন সভায় আলোচনা হয়েছে। সানাউল্লাহ বলেন, চুক্তির মেয়াদ শেষ হলেও তা নবায়ন করা হয়নি। এ ছাড়া একটি অডিট আপত্তিও অনিষ্পন্ন রয়েছে। চুক্তি ছাড়াই চলমান কিছু কাজ কীভাবে নিয়মের মধ্যে আনা যায়, তা নিয়ে আলোচনা করছে কমিশন।

    তিনি বলেন, দীর্ঘদিনের এসব সমস্যা সমাধান করে কার্ড ছাপানোর কাজ পূর্ণ সক্ষমতায় চালু রাখার চেষ্টা চলছে। ভবিষ্যতে কমিশনের সব কাজ চুক্তির আওতায় পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় পরিচয়পত্র সেবা একটি গুরুত্বপূর্ণ জাতীয় সেবা হওয়ায় তা বন্ধ রাখা সম্ভব নয়।

    গাজীপুর থেকে শুরু হবে ইভিএম নিষ্পত্তির কাজ

    নির্বাচনে আর ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। সংরক্ষিত ইভিএমগুলো কীভাবে নিষ্পত্তি করা হবে, তা নির্ধারণে গঠিত কমিটির অগ্রগতি নিয়েও কমিশন সভায় আলোচনা হয়েছে।

    সানাউল্লাহ জানান, ইভিএম নিষ্পত্তির কাজ গাজীপুর থেকে শুরু হবে। সেখানে সবচেয়ে বেশি ইভিএম সংরক্ষিত রয়েছে। প্রথমে মাঠপর্যায়ে বিভিন্ন স্থানে থাকা মেশিনগুলোর সংখ্যা ও অবস্থা যাচাই করা হবে। এরপর কমিটির সুপারিশ অনুযায়ী সেগুলো নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া হবে।

    ইভিএম নিষ্পত্তিতে পরিবেশগত ঝুঁকি ও আর্থিক ক্ষতির বিষয়টি এখনো কমিশনের আলোচনায় আসেনি জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে আগে কমিটির সুপারিশ পেতে হবে। ইভিএম নিয়ে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন, তদন্ত কমিশন ও দুর্নীতি দমন কমিশনেও আলোচনা বা তদন্ত রয়েছে। এসব প্রক্রিয়া নিষ্পত্তির পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

    ইভিএম নিষ্পত্তির একাধিক পদ্ধতি থাকতে পারে উল্লেখ করে তিনি বলেন, কমিটির সুপারিশ পাওয়ার পর কোন পদ্ধতি গ্রহণ করা হবে, তা ঠিক করবে কমিশন।

    ইভিএম-সংক্রান্ত একটি প্রতিষ্ঠানের ২৩ কোটি টাকা পাওনা পরিশোধের বিষয়ে প্রশ্ন করা হলে সানাউল্লাহ বলেন, আগের কমিশন নির্দিষ্ট কিছু কারণে ওই অর্থ পরিশোধ স্থগিত রেখেছিল। সেই সিদ্ধান্তের ভিত্তি ও বিষয়টির পূর্ণাঙ্গ অবস্থা না জেনে বর্তমান কমিশন তা পরিবর্তন করতে চায় না।

    এনআইডি সেবা নিয়ে কর্মশালা

    জাতীয় পরিচয়পত্র সেবার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন নিয়ে আগামী পরশু কর্মশালা আয়োজন করবে নির্বাচন কমিশন। এতে সেবা আরও সহজ ও জনবান্ধব করার পাশাপাশি সেবাগ্রহীতা এবং কমিশনের ভেতরে-বাইরের সমস্যাগুলো সমাধানের বিষয়ে আলোচনা হবে।

    সানাউল্লাহ জানান, কর্মশালায় সাংবাদিকদের প্রতিনিধিরাও অংশ নেবেন। নির্বাচন কমিশনের ১২ জন আরএফইডি সদস্যের মধ্যে ১০ জনের অংশ নেওয়ার কথা রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন