রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Natun Kagoj

এশিয়ান ওয়ার্ল্ড চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী নাজিফা তুষি

এশিয়ান ওয়ার্ল্ড চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী নাজিফা তুষি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য আন্তর্জাতিক অঙ্গনে আরও একটি স্বীকৃতি পেলেন বাংলাদেশের অভিনেত্রী নাজিফা তুষি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ২০২৬ সালের এশিয়ান ওয়ার্ল্ড চলচ্চিত্র উৎসবের ১২তম আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি। এ সম্মাননার নাম ‘স্নো লেপার্ড’ পুরস্কার।

এশিয়ার চলচ্চিত্রকে আন্তর্জাতিক দর্শক ও হলিউডের চলচ্চিত্র অঙ্গনে তুলে ধরার লক্ষ্য নিয়ে আয়োজন করা হয় এশিয়ান ওয়ার্ল্ড চলচ্চিত্র উৎসব। উৎসবটির অন্যতম গুরুত্বপূর্ণ স্বীকৃতি এই স্নো লেপার্ড পুরস্কার। এর আগে ভুটানের ট্যান্ডিন বিদ্যা, লেবাননের ডায়মন্ড বু আবুদ ও সিঙ্গাপুরের হুই ফাং হংয়ের মতো অভিনেত্রীরা এ সম্মাননা পেয়েছেন। এবার তাঁদের সঙ্গে যুক্ত হলো নাজিফা তুষির নাম।

‘রইদ’ সিনেমার জন্য এটি তুষির দ্বিতীয় আন্তর্জাতিক সেরা অভিনেত্রীর পুরস্কার। এর আগে কানাডার ১২তম মোজাইক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটিতে ‘সাদুর বউ’ চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছিলেন তিনি।

নতুন এই স্বীকৃতিতে আনন্দ প্রকাশ করে নাজিফা তুষি বলেন, পুরস্কারের আশায় তিনি কখনো কাজ করেন না; তাঁর কাছে কাজটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজের চরিত্র যথাযথভাবে পর্দায় তুলে ধরার চেষ্টা করেন তিনি। সেই চরিত্র স্বীকৃতি পেলে তা আনন্দের। অভিনেত্রী হিসেবে এই পুরস্কার তাঁর দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে বলেও জানান তুষি। তাঁর প্রত্যাশা, এই সুন্দর সময় অব্যাহত থাকবে।

মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান। আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত এবং আহসাবুল ইয়ামিন রিয়াদ।

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে জায়গা করে নিয়ে ইতিমধ্যে আলোচনায় এসেছে সিনেমাটি। ৫৫তম রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান প্রতিযোগিতা বিভাগ ‘টাইগার প্রতিযোগিতা’য় প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ‘রইদ’। এ ছাড়া ছবিটি প্রদর্শিত হয়েছে সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। পাশাপাশি নির্বাচিত হয়েছে ডানাং এশীয় চলচ্চিত্র উৎসব এবং অস্ট্রিয়ার ইনসব্রুক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন