বিরতি ভেঙে পর্দায় ফিরছেন বিপাশা, ভাইরাল ভিডিও নিয়ে ক্ষোভ

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। পরিচালক হংসল মেহতার নতুন ক্রাইম থ্রিলার সিরিজ ‘বারাবাঙ্কি’-তে দেখা যাবে তাকে। এরই মধ্যে সিরিজটির শুটিং শুরু করেছেন অভিনেত্রী। অন্যদিকে, স্টুডিয়োর বাইরে পাপারাজ্জিদের সঙ্গে তার কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।
বিপাশার সর্বশেষ ফিচার ফিল্ম ছিল ২০১৫ সালে মুক্তি পাওয়া হরর থ্রিলার ‘অ্যালোন’। ছবিটিতে তার স্বামী করণ সিং গ্রোভারও অভিনয় করেছিলেন। পরে ২০২০ সালে মুক্তি পাওয়া ক্রাইম থ্রিলার সিরিজ ‘ডেঞ্জারাস’-এও একসঙ্গে কাজ করেন এই দম্পতি।

২০১৬ সালে বিয়ে করেন বিপাশা ও করণ। ২০২২ সালে তাদের ঘরে আসে কন্যাসন্তান। মা হওয়ার পর থেকে অভিনয়ে তুলনামূলকভাবে কম দেখা গেছে বিপাশাকে। এবার ‘বারাবাঙ্কি’ দিয়ে আবারও পর্দায় ফিরছেন তিনি।
১৯৮৪ সালের প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে সিরিজটি। অবসরপ্রাপ্ত আইপিএস কর্মকর্তা অলোক লালের লেখা ‘দ্য বারাবাঙ্কি নারকোস: বাস্টিং ইন্ডিয়াস মোস্ট নোটোরিয়াস ড্রাগ কার্টেল’ বই অবলম্বনে তৈরি হচ্ছে এই ক্রাইম থ্রিলার।
এদিকে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) মুম্বাইয়ের একটি স্টুডিয়োর বাইরে বিপাশার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, সেখানে উপস্থিত ফটোগ্রাফারদের কাছে তিনি জানতে চান, তাদের সেখানে কে ডেকেছেন। এ সময় ক্যামেরার সামনে পোজও দেননি অভিনেত্রী। পরে ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। অনেকের ধারণা হয়, পাপারাজ্জিদের উপস্থিতিতে বিরক্ত হয়েছিলেন তিনি।

ভিডিওটি একটি পাপারাজ্জি পেজে প্রকাশের সময় এমন আবহের ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা হয়, যাতে বিপাশাকে রাগান্বিত মনে হচ্ছিল। ভিডিওটির এই উপস্থাপনা নিয়েই আপত্তি জানান অভিনেত্রী।
ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের প্রতিক্রিয়া জানিয়ে বিপাশা লেখেন, ‘দয়া করে বলুন তো, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কী? কেউ নিজের কাজে যাচ্ছেন এবং সময়মতো পৌঁছতে চাইছেন। কিন্তু আমরা আপনাদের উপস্থিতি নিয়ে প্রশ্ন করলেই তার অর্থ এই নয় যে আমি রেগে গিয়েছি। ভিডিওর শেষে আমি যে আপনাদের ধন্যবাদ জানিয়েছি, সেটি আপনারা সুবিধামতো এড়িয়ে গিয়েছেন।’

পাপারাজ্জিদের সঙ্গে তার কোনো বিরোধ নেই জানিয়ে বিপাশা আরও বলেন, তাদের বেশির ভাগই তার সঙ্গে সব সময় যথেষ্ট সম্মানজনক আচরণ করেন। ভিডিওর একটি অংশকে বিশেষভাবে উপস্থাপন করে তার প্রতিক্রিয়ার ভুল ব্যাখ্যা তৈরি হয়েছে বলেই মনে করছেন অভিনেত্রী।