কম খরচে ক্যানসার স্ক্রিনিং চালু হবে উপজেলা পর্যায়ে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়ন এবং সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমাতে হেলথ ইনস্যুরেন্স চালুর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। পাশাপাশি উপজেলা পর্যায়ে কম খরচে স্তন ও জরায়ুমুখ ক্যানসার শনাক্তকরণ পরীক্ষার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘জাতীয় স্বাস্থ্য সুরক্ষা কর্তৃপক্ষ: নকশা ও প্রাতিষ্ঠানিক কাঠামো’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট এ কর্মশালার আয়োজন করে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়নের জন্য বিভিন্ন দেশের আইন পর্যালোচনা করে প্রয়োজনীয় সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। চিকিৎসার খরচ বহন করতে গিয়ে সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হয়। এ সমস্যা কমাতে স্বাস্থ্যবিমার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, প্রাথমিক স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিয়ে ধাপে ধাপে পাইলট প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্য খাতের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হেলথ সেন্টারগুলোকে ওয়ান-স্টপ সার্ভিসে রূপান্তর এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির সাহায্যে স্তন ও জরায়ুমুখ ক্যানসার শনাক্তকরণ পরীক্ষার ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের অনিয়ম ও চ্যালেঞ্জ মোকাবিলায় সততা ও নিষ্ঠার সঙ্গে সম্মিলিতভাবে কাজ করতে হবে। দেশের প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।