ডেঙ্গুতে ৫ ও হামের উপসর্গে ৭ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্ত

দেশে ডেঙ্গু ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও সাতজন। এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩২১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৫ হাজার ৩১৬ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯৯ হাজার ২০১ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৯২০ জন। তাঁদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ১৭০ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ২৪১ জন ভর্তি হয়েছে। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪১৩ জন।
ঢাকার বাইরে বিভাগগুলোর মধ্যে চট্টগ্রামে সর্বোচ্চ ২৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া খুলনায় ২৫৪, বরিশালে ২১৫, রাজশাহীতে ১৭০, ময়মনসিংহে ১১৪, রংপুরে ৭০ ও সিলেটে ১৭ জন ভর্তি হয়েছে।
মাসভিত্তিক হিসাবে, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডেঙ্গুতে দুজন করে মারা যায়। মে মাসে একজন, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়। অক্টোবরের প্রথম ১৩ দিনে মারা গেছে ৭৬ জন।
অন্যদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৭৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৭৩ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া সাতজনের মধ্যে পাঁচজন ঢাকায়, একজন বরিশালে এবং একজন ময়মনসিংহে চিকিৎসাধীন ছিল।
বিভাগভিত্তিক হিসাবে, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, ৪৮৬ জনের। এরপর সিলেটে ১৮৯, চট্টগ্রামে ৯৬, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮২, বরিশালে ৬৩, খুলনায় ৪৭ ও রংপুরে ১৭ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ২ লাখ ৮ হাজার ৫৭০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে এ উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৯৯৯ জনের। একই সময়ে পরীক্ষায় ১২৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে নিশ্চিতভাবে হাম শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৮৪০ জনে।