নির্বাচনের পর হুথিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি ট্রাম্পের

ইয়েমেনের ইরানপন্থী হুথি গোষ্ঠীর বিরুদ্ধে ‘খুব খারাপ আচরণের’ অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের সঙ্গে তাদের সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রে তেলের দাম বাড়ছে বলেও অভিযোগ করেছেন তিনি। আগামী ৩ নভেম্বর দেশটিতে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ট্রাম্প।
গত ১৩ অক্টোবর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, হুথিদের সাম্প্রতিক কর্মকাণ্ডের কারণে যুক্তরাষ্ট্রে তেলের দাম বাড়ছে। নির্বাচনের পর বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
ট্রাম্প লেখেন, “হুথিরা খুব খারাপ আচরণ করছে। সৌদি আরবের সঙ্গে তাদের সাম্প্রতিক সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রে তেলের দাম বাড়ছে, এদিকে সামনেই মধ্যবর্তী নির্বাচন।”
একই পোস্টে হুথিদের সতর্ক করে তিনি বলেন, নির্বাচনের পর বিষয়টি দেখবেন এবং তাদের কর্মকাণ্ড ভুলে যাবেন না।
প্রতিবেদন অনুযায়ী, হুথিদের সঙ্গে সংঘাতের শুরুর দিকে সৌদি আরবের প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রের কাছে বিমান হামলায় সহায়তা চেয়েছিলেন। তবে ট্রাম্প সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন।
অবশ্য মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সৌদি আরবের স্বার্থ রক্ষায় হস্তক্ষেপের জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে অনুরোধ করতে পারেন বলে জানান ট্রাম্প। তিনি বলেন, তাঁর ধারণা, এরদোয়ান সেই অনুরোধ রাখবেন।
২০১৪ সাল থেকে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারের সংঘাত চলছে। হুথিরা দেশটির উত্তরাঞ্চলসহ বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে এই সংঘাত আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
এদিকে লোহিত সাগর ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ও নৌ-চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বাড়তে পারে বলে উদ্বেগ রয়েছে।