বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিক্ষকতা, প্রতিবন্ধকতা জয় ও বৃক্ষরোপণে দৃষ্টান্ত, পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে ৫ ও হামের উপসর্গে ৭ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্ত জার্মানিতে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ, রোবটসহ আটক ২ অবসরের আগে দেশের মাঠে বিশ্বকাপ খেলতে মুখিয়ে সিকান্দার রাজা নির্বাচনের পর হুথিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি ট্রাম্পের হিন্দু সম্প্রদায়ের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের পর্যটন উন্নয়নে বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক করতে চায় ইতালি ৯ নভেম্বর বিকেলে সংসদ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধির বৈঠক, আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন অপারেশন ক্লিনহার্টের মতো অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ইয়েমেনে হুথিদের তেল স্থাপনায় সৌদি হামলা, নিহত ২

    ইয়েমেনে হুথিদের তেল স্থাপনায় সৌদি হামলা, নিহত ২
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইয়েমেনের রাজধানী সানা ও হোদেইদা প্রদেশে হুথিদের নিয়ন্ত্রণাধীন ইয়েমেন ওয়েল কোম্পানির স্থাপনায় বিমান হামলা চালানোর অভিযোগ উঠেছে সৌদি আরবের বিরুদ্ধে। হোদেইদায় পৃথক হামলায় দুজন নিহত হয়েছেন বলে দাবি করেছে হুথি-সমর্থিত সংবাদমাধ্যম।

    মঙ্গলবার (১৩ অক্টোবর) এসব হামলার ঘটনা ঘটে। হুথি-সমর্থিত সংবাদমাধ্যমগুলোর দাবি, ইয়েমেনে তেল স্থাপনাকে লক্ষ্য করে সৌদি আরবের এটিই প্রথম হামলা।

    হুথি গণমাধ্যমের তথ্যমতে, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট সংশ্লিষ্ট এলাকার বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর সানার পশ্চিমে আল-সাবাহা এলাকায় ইয়েমেন ওয়েল কোম্পানির স্থাপনায় হামলা চালানো হয়।

    সানা থেকে এএফপির এক সংবাদদাতা বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন। হুথিদের আল-মাসিরাহ টেলিভিশনের এক ব্রেকিং নিউজে বলা হয়, সৌদি বিমান হামলায় সানার পশ্চিমে আল-সাবাহায় অবস্থিত তেল কোম্পানির স্থাপনা লক্ষ্যবস্তু হয়েছে।

    অন্যদিকে, হুথি-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, লোহিত সাগরের তীরবর্তী হোদেইদা প্রদেশে একটি তেল স্থাপনায় পৃথক হামলায় দুজন নিহত হয়েছেন। এ হামলার জন্যও সৌদি আরবকে দায়ী করেছে গোষ্ঠীটি।

    হামলার বিষয়ে বিস্তারিত জানতে এএফপির পক্ষ থেকে সৌদি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা মন্তব্য করতে রাজি হননি। হামলায় ইয়েমেন ওয়েল কোম্পানির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে সম্পর্কেও কোনো তথ্য প্রকাশ করেনি হুথি কর্তৃপক্ষ।

    সৌদি আরবকে সতর্ক করে হুথিদের পক্ষ থেকে বলা হয়েছে, এসব হামলার জবাবে তারা ‘কঠিন ও বেদনাদায়ক পদক্ষেপ’ নেবে। পাশাপাশি সৌদি রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকের স্থাপনা থেকে কর্মীদের সরে যাওয়ার আহ্বান জানিয়ে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হামলার হুমকি দিয়েছে গোষ্ঠীটি।

    হুথিদের দাবি, গত কয়েক দিনে টানা তিন দিন রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। শনিবারের হামলায় বিমানবন্দরে ১৩ জন নিহত হয়েছেন বলেও দাবি করেছে তারা। তবে এসব হতাহতের তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

    মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিশ্লেষকদের মতে, সৌদি আরবের রাজধানী ও বিমানবন্দরকে লক্ষ্য করে ধারাবাহিক হামলার ঘটনা দেশটির নিরাপত্তা পরিস্থিতির ওপর চাপ তৈরি করছে। একই সঙ্গে ইয়েমেনের চলমান সংঘাত আরও জটিল হয়ে ওঠার আশঙ্কা বাড়ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন