জার্মানিতে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ, রোবটসহ আটক ২

জার্মানির কোলন শহরে এক কিশোরীকে যৌন হয়রানির ঘটনায় একটি রোবট ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৬ বছর বয়সী এক কিশোর ও ১৯ বছর বয়সী এক তরুণকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে লাল ও সোনালি রঙের রোবটটি।
পুলিশের তথ্য অনুযায়ী, শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ফাস্ট ফুডের দোকানের সামনে স্থানীয় সময় শনিবার মধ্যরাতের কিছু আগে এ ঘটনা ঘটে। অভিযোগ, ১২০ সেন্টিমিটার লম্বা রোবটটি ১৬ বছর বয়সী ওই কিশোরীর শরীরে হাত রাখে এবং তাঁর সঙ্গে ধাক্কা দিয়ে যৌন ইঙ্গিতপূর্ণ নড়াচড়া করে। এতে কিশোরী চিৎকার করে সরে যান।
নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্য পুলিশ জানিয়েছে, ঘটনার সময় দুই অভিযুক্ত সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করছিলেন এবং রোবটটি তাঁরাই পরিচালনা করছিলেন বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর কাছের একটি সড়কের এক ব্লক দূরে ওই দুজনকে খুঁজে পান। পুলিশের ভাষ্য, কিশোরটি রোবটটি একটি গাড়ির পেছনে লুকিয়ে রেখেছিল। পরে সেখান থেকে সেটি উদ্ধার করা হয়।
পুলিশের প্রকাশ করা ছবিতে রোবটটিকে কালো গোঁফ, সোনালি চেইন ও সাদা গেঞ্জি পরা অবস্থায় দেখা যায়। রোবটটির পাশাপাশি অভিযুক্ত দুজনের দুটি মুঠোফোনও জব্দ করা হয়েছে।
ঘটনার সময় কেউ ইচ্ছাকৃতভাবে রোবটটির নড়াচড়া নিয়ন্ত্রণ করছিলেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এদিকে, ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা কিছু মন্তব্যের বিষয়ে সতর্ক করেছে পুলিশ। এক পোস্টে তারা জানায়, কিছু মন্তব্য সীমা অতিক্রম করতে পারে এবং গুরুতর ক্ষেত্রে ফৌজদারি অপরাধ হিসেবেও বিবেচিত হতে পারে।