উত্তরখানে নারী পোশাক শ্রমিককে প্রকাশ্যে মারধর, যুবকের ৫ মাসের কারাদণ্ড

রাজধানীর উত্তরখানে এক নারী পোশাক শ্রমিককে প্রকাশ্যে রাস্তায় ফেলে মারধরের অভিযোগে রুকন মিয়া (৩৭) নামে এক যুবককে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় উত্তরার স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান এ দণ্ড দেন।
এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উত্তরখান মাজার চৌরাস্তা এলাকায় ময়না আক্তার (২৮) নামে ওই নারী শ্রমিককে মারধরের ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঘটনাস্থলের পাশে থাকা উত্তরখান থানা পুলিশের সদস্যরা রুকন মিয়াকে আটক করেন।
ভুক্তভোগী ময়না আক্তার জানান, অভিযুক্ত রুকন মিয়ার স্ত্রী রাশিদা বেগমের সঙ্গে তিনি একই পোশাক কারখানায় কাজ করতেন। মাদকাসক্তির কারণে প্রায় সাত মাস আগে রাশিদা তাঁর স্বামী রুকনকে তালাক দেন। তবে রুকনের ধারণা ছিল, ময়নার পরামর্শেই তাঁর স্ত্রী তাঁকে তালাক দিয়েছেন।
ময়না অভিযোগ করেন, বৃহস্পতিবার দুপুরে উত্তরখান মাজার চৌরাস্তায় তাঁকে দেখামাত্রই রুকন এলোপাতাড়ি মারধর শুরু করেন। এতে তাঁর ঠোঁট ফেটে যায়, বাঁ হাতের কনুই রক্তাক্ত হয় এবং পিঠে জখম হয়। পরে পুলিশের একটি টহল দল তাঁকে উদ্ধার করে এবং রুকনকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিএমপির উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, নারী পোশাক শ্রমিককে মারধরের অভিযোগে আটক রুকন মিয়াকে শুক্রবার উত্তরার স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত তাঁকে পাঁচ মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।